ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় তীরনই নদীর পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধর্মগড় ইউনিয়নের জগদল এলাকার তীরনই নদী থেকে শিশু দুটির ভাসমান মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
নিহত শিশুরা হলো—জগদল গ্রামের আবুল কালামের ছেলে কাউসার আলী (৫) এবং একই গ্রামের জাহিদ হাসানের ছেলে রেহেশান (৪)।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে শিশু দুটি খেলতে খেলতে বাড়ির পাশের তীরনই নদীর পাড়ে চলে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত তারা নদীতে পড়ে পানিতে তলিয়ে যায়।
দীর্ঘ সময় ধরে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা শিশু দুটির খোঁজ শুরু করেন। পরে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি করে শিশু দুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক।
তিনি জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) কাছে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতির জন্য আবেদন করা হয়েছে। বিষয়টি বর্তমানে আইনি প্রক্রিয়াধীন রয়েছে।
দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে জগদল এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

