শিরোনাম
Advertisement
বিনোদন

নারীর উত্তরাধিকার ও অধিকার আদায়ের সংগ্রামের গল্প নিয়ে নাটক ‘অংশীদার’, ফিরলেন তানিয়া বৃষ্টি

Advertisement
নারীর উত্তরাধিকার ও পৈতৃক সম্পত্তির অধিকার নিয়ে নির্মিত নাটক ‘অংশীদার’-এর দৃশ্য

আরও পড়ুন

বাবার মৃত্যুর পর পৈতৃক সম্পত্তির অধিকার নিয়ে দুই বোনের লড়াই। আপনজনদের ষড়যন্ত্র, ভয়ভীতি আর নানা প্রতিকূলতার মধ্যেও ন্যায্য অধিকার আদায়ে পিছপা হয় না বড় বোন। সমাজের এমনই এক বাস্তব চিত্র এবং নারীর অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘অংশীদার’।
নাটকটির গল্পে দেখা যাবে, বাবার মৃত্যুর পর দুই বোনকে ঘিরে শুরু হয় সম্পত্তি নিয়ে বিরোধ। পৈতৃক সম্পত্তির ভাগ থেকে তাদের বঞ্চিত করতে নানা কৌশল অবলম্বন করেন চাচা ও তাঁর পরিবারের সদস্যরা। একপর্যায়ে তাদের ওপর নেমে আসে নির্যাতন ও উচ্ছেদের হুমকি। তবে সব বাধা উপেক্ষা করে নিজের অধিকার আদায়ে প্রতিবাদী হয়ে ওঠে বড় বোন। অন্যায়ের কাছে মাথা নত না করে সাহসিকতার সঙ্গে শুরু করে তার অধিকার প্রতিষ্ঠার লড়াই।
পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের গল্পের মধ্য দিয়ে নাটকটিতে তুলে ধরা হয়েছে নারীর উত্তরাধিকার, আত্মমর্যাদা, পারিবারিক বৈষম্য এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার বার্তা। বিশেষ করে বাবাহারা মেয়েদের পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার সামাজিক প্রবণতাকে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে এতে।
নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইকসান রনি। সংলাপ রচনা করেছেন ফারুক আহমেদ রানা ও নন্দী জুয়েল।
নির্মাতা ইকসান রনি বলেন, ‘অংশীদার’ আমাদের সমাজের একটি পরিচিত বাস্তবতার গল্প। নারীর ন্যায্য অধিকার, আত্মমর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহসকে নাটকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি, নাটকটি দর্শকদের ভালো লাগবে এবং সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে।
নাটকটির প্রযোজক কাজী সাইফুল ইসলাম রাজীব বলেন, বিনোদনের পাশাপাশি সমাজসচেতনতামূলক গল্প দর্শকদের সামনে তুলে ধরাই তাঁদের লক্ষ্য। ‘অংশীদার’ তেমনই একটি উদ্যোগ। নাটকটি দর্শকদের হৃদয় ছোঁয়ার পাশাপাশি নারীর অধিকার সম্পর্কে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, তানিয়া বৃষ্টি, ডলি জহুর, নন্দী জুয়েল, আর সি অরণ্য, আশরাফুল আশীষ, পংকজ মজুমদার, দেলোয়ার উদ্দিন, সিদ্দিক মাস্টার, কাকন চৌধুরী, তাসমিয়াহ টিনাসহ আরও অনেকে।
ইতোমধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে নাটক ‘অংশীদার’। টেলিভিশনে প্রচারের পর এটি দেখা যাবে ‘কেএসআই এন্টারটেইনমেন্ট’ (KSI Entertainment)-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।

এ বিভাগের আরও সংবাদ