“শেকঢড় থাকুক সংস্কৃতিতে, ডানা মেলুক শিক্ষায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে সাংস্কৃতিক বিপ্লবী সংঘ সার্ভিসের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সাংস্কৃতিক বিপ্লবী সংঘ-সাবিস এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জ শহরে সাংস্কৃতিক বিপ্লবী সংঘ-সাবিস মিলনায়তনে। অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশু-কিশোর ও শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি নানা সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস,সাবিসের সভাপতি মাহবুব জামাল, সাধারণ সম্পাদক শাহ আব্দুর রাজ্জাক টিপু।
অনলাইন এন্ড মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি এস এম সাইফুল্লাহ।
এছাড়া সংগঠনের কর্মকর্তা, অভিভাবক, প্রতিযোগী, সাংস্কৃতিক কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
আয়োজকেরা জানান, শিশু-কিশোরদের সৃজনশীল প্রতিভা বিকাশ, সাংস্কৃতিক চর্চায় উৎসাহ সৃষ্টি এবং শিক্ষার সঙ্গে সংস্কৃতির সমন্বয় ঘটানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা, নান্দনিকবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হয় বলেও তাঁরা উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন পরিবেশনায় অংশ নেয় প্রতিযোগী শিক্ষার্থীরা। গান, আবৃত্তি, নৃত্যসহ নানা সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে মিলনায়তনে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ী ও কৃতী অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
বক্তারা বলেন, একটি শিশুর পূর্ণাঙ্গ বিকাশে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক শিক্ষারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সংস্কৃতিচর্চা শিক্ষার্থীদের মানবিক, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। তাই পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে শিশু-কিশোরদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত করার আহ্বান জানান তাঁরা।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের অনুষ্ঠান মানিকগঞ্জে সাংস্কৃতিক চর্চার পরিসর আরও বিস্তৃত করবে এবং নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে অনুপ্রাণিত করবে।

