সম্পত্তি হস্তান্তর আইন বাতিলের দাবিতে শুক্রবার দেশজুড়ে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

🕙 প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৬ । ৩:০৯ পিএম

জীবনকালীন ভোগাধিকার রেখে সম্পত্তি হস্তান্তরের নতুন বিধান বাতিলের দাবিতে শুক্রবার (১১ সেপ্টেম্বর) দেশের সব বিভাগীয় শহরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এতে দলের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম লিখিত বক্তব্য পাঠ করেন।

সংবাদ সম্মেলনে মুফতি ফয়জুল করীম সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর (সংশোধন) আইনকে শরিয়তবিরোধী আখ্যা দিয়ে তা অবিলম্বে বাতিলের দাবি জানান। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যেই পবিত্র কোরআনের অবিসংবাদিত বিধানের পরিপন্থি আইন পাস করা হয়েছে, যা জনগণের ধর্মীয় বিশ্বাসের ওপর স্পষ্ট আঘাত।

তিনি বলেন, হেবার অপব্যবহার রোধ কিংবা বাবা-মাকে উচ্ছেদ ঠেকাতে আইন করার প্রয়োজন থাকলেও শরিয়ত লঙ্ঘন করে কোনো আইন করা যাবে না।

সংবাদ সম্মেলনের শেষে ওলামায়ে কেরাম ও আইনবিদদের সঙ্গে পরামর্শ করে আইনটিতে প্রয়োজনীয় সংশোধনী আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান মুফতি ফয়জুল করীম।

এর আগে গত রোববার সম্পত্তি দান করার পর দাতা জীবিত থাকা পর্যন্ত ওই সম্পত্তি ভোগ করতে পারবেন—এমন বিধান রেখে সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী জাতীয় সংসদে পাস হয়।

প্রস্তাবিত আইনটি কোরআন-সুন্নাহবিরোধী—এমন অভিযোগ তুলে বিলটি পাসের বিরোধিতা করে বিরোধী দল। তবে তাদের আপত্তি নাকচের পর বিলটি সংসদে পাস হয়। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি সংসদে পাসের জন্য সংসদে উত্থাপন করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ