নিরাপদ খাদ্যপণ্য মানুষের হাতে পৌঁছে দিতে মানিকগঞ্জে বিক্রয় কেন্দ্র চালু করলো সেফ ফুড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ (বৃহস্পতিবার) সকালে বাসস্ট্যান্ড সংলগ্ন কাঁচাবাজারে এই বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন সেফ ফুড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক লিটন, ব্যবস্থাপনা পরিচালক স্বপ্না আক্তার, জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান পাবেল, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন আহমেদ কবির ও যুগ্ম আহবায়ক শিহাব সুমন, জেলা আইনজীবী সমিতির সাবেক অর্থ সম্পাদক ফারুক হোসেন, কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রবিউল ইসলামসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিবৃন্দ।
সেফ ফুড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারময়ান আব্দুর রাজ্জাক লিটন বলেন, ‘২০২০ সাল থেকে এই প্রতিষ্ঠানটি ঢেঁকি ছাটা চাল, শরিষার তেল, হলুদ-মরিচের গুঁড়াসহ ৪২ ধরণের পণ্য বাজারজাত করে আসছে। আজ থেকে এর কার্যক্রম মানিকগঞ্জে শুরু হলো।’
প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস বলেন, ‘আমাদের দেশে খাদ্যে ভেজাল রয়েছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভেজালবিরোধী অভিযানে আর্থিক জরিমানা ও কারাদন্ড দেওয়া হচ্ছে। তবুও খাদ্যে ভেজাল দেওয়া বন্ধ হচ্ছে না। এব্যাপারে সকলকে আরও সচেতন হতে হবে। নিরাপদ খাদ্যপন্য সরবরাহ ও বাজারজাত করার ক্ষেত্রে সেফ ফুড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিশেষ ভূমিকা রাখবে। জনগনকে নিরাপদ খাদ্যপণ্য সরবরাহ করতে অন্যান্য উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। ভালো জিনিস বেশী টাকা দিয়েও কিনে। কাজেই নিরাপদ খাদ্য সরবরাহ করতে পারলে উদ্যোক্তারা আর্থিকভাবেও লাভবান হবেন।’





