শিক্ষা ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে সামাজিক ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি রোববার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, হাতে তৈরির ব্যাগ,জুতো বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন,দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহী করে তুলতে এবং তাদের শিক্ষাজীবনকে আরও সহজ ও সুন্দর করতে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশের কোনো শিক্ষার্থী যেন অর্থের অভাবে শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সরকার কাজ করছে, বিশেষ করে দরিদ্র ও অসচ্ছল পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। শিক্ষার মান যত উন্নত হবে দেশও উন্নত হবে বলেও দাবি করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বিপিএম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোকুল চন্দ্র নাথ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোশাররফ হোসেনসহ স্থানীয় নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

