মানিকগঞ্জের সাটুরিয়ায় ওজন ও পরিমাপের মানদণ্ড আইন লঙ্ঘনের অভিযোগে নিউ মঙ্গল বেকারিকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার ধানকোড়া ইউনিয়নের নয়াডিঙ্গি বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল ইসলাম।
অভিযানকালে আইন লঙ্ঘনের দায়ে নিউ মঙ্গল বেকারির মালিক মোজাম্মেল (৫০)-কে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগের আদেশ দেওয়া হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল ইসলাম বলেন, ওজন ও পরিমাপে স্বচ্ছতা নিশ্চিত করা, ভোক্তাদের অধিকার সুরক্ষা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। বাজারে পণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





