ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে নির্মিত কোনো প্রামাণ্যচিত্রে শহীদ আবু সাঈদের ছবি না থাকলে সেটিকে পূর্ণাঙ্গ ডকুমেন্টারি বলা যায় না। তিনি আবু সাঈদকে গণ-অভ্যুত্থানের প্রতীক হিসেবে উল্লেখ করে প্রামাণ্যচিত্রে তাঁর ছবি অন্তর্ভুক্তির ওপর গুরুত্বারোপ করেন।
বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, প্রদর্শিত প্রামাণ্যচিত্রে বেশ কিছু ত্রুটি রয়েছে। তাঁর ভাষ্য, আবু সাঈদের ছবি না থাকা একটি বড় ঘাটতি। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবিও সেখানে থাকা উচিত ছিল। এ বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন বলেও তিনি জানান।
তিনি বলেন, ভুল-ত্রুটি হলে তা সংশোধনের সুযোগ দেওয়া উচিত। তাঁর বক্তব্য, বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার এবং কোনো ভুল হলে তা ধরিয়ে দিলে সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে তিনি বলেন, মতপার্থক্য থাকলেও বিষয়টি নিয়ে সংসদের মতো ওয়াকআউট না করে সংলাপ ও সংশোধনের পথ অনুসরণ করাই সমীচীন।
এর আগে অনুষ্ঠানে প্রদর্শিত জুলাই গণ-অভ্যুত্থানবিষয়ক প্রামাণ্যচিত্র নিয়ে অসন্তোষ প্রকাশ করেন শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা। তাদের অভিযোগ, প্রামাণ্যচিত্রে আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনা, শহীদদের আত্মত্যাগ এবং গণ-অভ্যুত্থানের ইতিহাস যথাযথভাবে উপস্থাপন করা হয়নি।
প্রামাণ্যচিত্র প্রদর্শন শেষে মিলনায়তনের বিভিন্ন স্থান থেকে প্রতিবাদ শুরু হয়। শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা দাঁড়িয়ে আপত্তি জানালে একপর্যায়ে মিলনায়তনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

