জ্বালানি সংকট কমাতে এলএনজি আমদানি বাড়ানোর উদ্যোগ: প্রধানমন্ত্রী

🕙 প্রকাশিত : ২ সেপ্টেম্বর, ২০২৬ । ১২:৩১ পিএম

দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় এলএনজি আমদানি ও সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজারের মহেশখালীর গভীর সমুদ্রে কুতুবদিয়া এলাকায় একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের বিষয়ে আগ্রহী একটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। প্রস্তাবিত টার্মিনালের মাধ্যমে ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে এলএনজি সরবরাহ শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি জানান, এ উদ্যোগ বাস্তবায়িত হলে আগামী দুই বছরের মধ্যে দেশে এলএনজি আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়বে। এর ফলে দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে এবং ক্রমবর্ধমান চাহিদা পূরণে সহায়তা করবে।

প্রধানমন্ত্রী আরও জানান, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জ্বালানি চাহিদা পূরণে পায়রা ও মোংলা বন্দর এলাকায় জরুরি ভিত্তিতে আরও দুটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাব নিয়ে কাজ চলছে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে এসব টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

প্রস্তাবিত ভাসমান এলএনজি টার্মিনালগুলো স্থাপন করা হলে দেশের সামগ্রিক জ্বালানি সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে গ্যাসের চলমান সংকটও অনেকটা কমে আসবে বলে তিনি উল্লেখ করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ