দেশের যেকোনো সংকটকালে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করেই অতীতে বিভিন্ন সংকট মোকাবিলা করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এতে দলের কেন্দ্রীয় নেতারাও বক্তব্য দেন।
তারেক রহমান বলেন, বর্তমানে দেশের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি জ্বালানি সংকট। সরকার এ সংকট অস্বীকার করছে না। বৈশ্বিক বিভিন্ন কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে ভবিষ্যতে যাতে এ ধরনের সমস্যার মুখোমুখি হতে না হয়, সে লক্ষ্যে মহাপরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে।
তিনি বলেন, অতীতে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছিল এবং অর্থনৈতিক ভিত্তি দুর্বল করে দেওয়া হয়েছিল। এর পরও জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে। বিগত নির্বাচনেও জনগণ বিএনপিকে সংখ্যাগরিষ্ঠ আসনে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।
বিএনপি চেয়ারম্যান বলেন, ক্ষমতায় এসে একটি ভঙ্গুর অর্থনীতি পাওয়া গেছে। এর মধ্যে যুদ্ধের কারণে জ্বালানি ও বিদ্যুৎ সংকট আরও প্রকট হয়েছে। তবে অচিরেই এই সংকটের সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

