যৌথ বাহিনীর পানির লাইনে বিষ মেশানোর চেষ্টা ‘অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড’: চট্টগ্রামের পুলিশ সুপার

🕙 প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৬ । ৭:৫৭ এএম

চট্টগ্রামের আলীনগরে যৌথ বাহিনীর ক্যাম্পের পানির পাইপলাইনে বিষ বা বিষজাতীয় পদার্থ মেশানোর চেষ্টার ঘটনাকে ‘অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড’ (সাবভার্সিভ অ্যাক্টিভিটিজ) হিসেবে উল্লেখ করেছেন জেলার পুলিশ সুপার মাসুদ আলম। তিনি বলেছেন, দেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সংঘটিত এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা করা হচ্ছে এবং তাদের আইনের আওতায় আনতে যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

রোববার (২৬ জুলাই) রাতে গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে পুলিশ সুপার মাসুদ আলম বলেন, আলীনগরের যৌথ বাহিনীর ক্যাম্পে র‌্যাব, বিজিবি ও পুলিশ মিলিয়ে প্রায় ৩০০ সদস্য দায়িত্ব পালন করছেন। তাদের ব্যবহারের জন্য থাকা পাশের একটি ডিপটিউবওয়েলের সংযোগস্থলে দুর্বৃত্তরা বিষ বা বিষজাতীয় কোনো পদার্থ প্রবেশ করিয়ে দেয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি জানান, সকালে পানি সরবরাহের দায়িত্বে থাকা অপারেটর ট্যাংক ও পানির লাইন পরীক্ষা করতে গিয়ে দুর্গন্ধ টের পান। পরে বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে জানানো হলে তাৎক্ষণিকভাবে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।

পুলিশ সুপার আরও বলেন, সাম্প্রতিক সময়ে রাস্তা কেটে দেওয়া, যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা বা ক্যাম্প গুঁড়িয়ে দেওয়ার মতো ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়; এগুলো পরিকল্পিত অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের অংশ। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, দেশের নিরাপত্তা ও সরকারি বাহিনীর বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে এবং তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ