প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ব্যক্তিগত প্রতিশোধ নয়, দেশের স্বার্থে জাতীয় ঐক্য গড়ে তোলাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি জানান, গত ১৭ বছরে তার পরিবারের ওপর হওয়া নির্যাতনের প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকলেও তার মা চাইতেন দেশকে সামনে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ করা হোক।
শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণ ও তাদের আত্মত্যাগকে সম্মান জানাতে এই সম্মেলনের আয়োজন করা হয়।
শহীদ ও আহত পরিবারের সদস্যদের আবেগঘন বক্তব্যের পর নিজের পরিবারের অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম, গত ১৭ বছর তার ওপর হওয়া অন্যায়-অত্যাচারের প্রতিশোধ নেব কি না, তাহলে তিনি বলতেন প্রতিশোধ নয়, দেশকে সামনে এগিয়ে নিতে কাজ করতে। আমার ছোট ভাইকেও একই প্রশ্ন করলে সেও মায়ের মতো একই উত্তর দিত।’
তিনি আরও বলেন, জাতিকে বিভক্ত করে কখনো দেশের উন্নয়ন সম্ভব নয়। দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এই গণ-অভ্যুত্থানে যারা ত্যাগ স্বীকার করেছেন, প্রত্যেকের অবদান মূল্যায়ন করা হবে। তবে কাউকে বঞ্চিত করে নয়।’
জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মরণসভায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের পাশাপাশি মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, শীর্ষ রাজনৈতিক নেতা এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

