মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১১টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, এমপি।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সরকারি দেবেন্দ্র কলেজ ৮৪ বছর ধরে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। ভাষাসৈনিক রফিকউদ্দিন আহমেদ এ কলেজের শিক্ষার্থী ছিলেন। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, ২০২৪ সালের জুলাই আন্দোলনসহ বিভিন্ন গণআন্দোলন ও জাতীয় গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে এ কলেজের অবদান রয়েছে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে ভালোবাসার শিক্ষা দিয়েছেন। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও গঠনে ভূমিকা রাখতে নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, তিনি মানুষের সেবা করতে এসেছেন। মানিকগঞ্জের মানুষের ভালোবাসার ঋণ শিক্ষার প্রসারসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে পরিশোধ করতে চান। এ সময় তিনি সবার কাছে দোয়া কামনা করেন।
এর আগে সরকারি দেবেন্দ্র কলেজে ‘শহীদ জিয়া’, ‘মুক্তিযুদ্ধ’ ও ‘জুলাই স্মৃতি কর্নার’-এর উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী।
অনুষ্ঠানে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

