মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঐতিহ্যবাহী উলাইল সোনালী সংঘের মাঠে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ম্যাচটি গোলশূন্য ড্র হয়। পরে ট্রাইবেকারে তেওতা ফুটবল একাডেমি, শিবালয় ৫-৩ গোলে সাটুরিয়া উপজেলার প্যারাডাইস পিএফসিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর। আর খেলার উদ্বোধন করেন তাঁর সহধর্মিণী শায়লা কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উলাইল-মহাদেবপুর-কোঠাকালি (উ, মা, কো) সোনালী সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আব্দুর রউফ মোল্লা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, শিবালয় উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. রহমত আলী বেপারী লাভলু, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মীর মানিকুজ্জামান মানিক, শিবালয় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন, শিবালয় উপজেলা যুবদলের আহ্বায়ক মো. হোসেন আলী, মহাদেবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী আবু নাসের বাবু মিয়া, পিএনপি শহীদ ফারুক মো. ইকবাল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলহাজ মো. আশরাফুল হক লিটন, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মো. আব্দুল আউয়াল মোল্লা, আশুলিয়া থানার সাব-ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম, উলাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক মো. রবিউল বারী হিরুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে এস এ জিন্নাহ কবীর বলেন, “খেলার মাঠকে চালু করি, মাদককে না করি।” এ স্লোগানের মাধ্যমে তিনি বক্তব্য শুরু করেন। তিনি মাদকমুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তাঁর নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়নে ভালো খেলার মাঠ নির্মাণের আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, ঘিওর, দৌলতপুর ও শিবালয়ের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের জন্য তিনি কাজ করে যাচ্ছেন। বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে আনন্দ প্রকাশ করে তিনি আয়োজক ও দর্শকদের ধন্যবাদ জানান।
খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানান উলাইল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উ, মা, কো সোনালী সংঘ খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ আনিসুর রহমান আনিস এবং মহাদেবপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও খেলা পরিচালনা কমিটির সদস্য সচিব মো. শাহজাহান।





