সারাদেশ

ভাঙ্গায় পথচারীকে লক্ষ্য করে গুলি, ২২ বোর রিভলবারসহ আসামি গ্রেপ্তার

ভাঙ্গায় গুলি ছোড়ার ঘটনায় গ্রেপ্তার আসামি, উদ্ধার করা হয়েছে .২২ বোরের রিভলবার

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কে এক পথচারীকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ার ঘটনায় মো. হামিদুল গাজী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মুন্সিগঞ্জের লৌহজংয়ে নিজ বাড়ির পরিত্যক্ত টয়লেট থেকে একটি .২২ বোরের রিভলবার উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৭ আগস্ট রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ভাঙ্গা থানাধীন পৌরসভার সামনে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে থানা সংলগ্ন এলাকায় খয়েরি রঙের একটি প্রাইভেটকার নিয়ে আসেন হামিদুল গাজী। এ সময় তার সঙ্গে একজন নারী ছিলেন।

ঘটনাস্থলে আসার পর এক পথচারীর সঙ্গে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে তার তর্কাতর্কি হয়। একপর্যায়ে হামিদুল গাজী প্রাইভেটকারে বসে তার কাছে থাকা রিভলবার দিয়ে ওই পথচারীকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়েন বলে অভিযোগ রয়েছে। ঘটনার ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয়ভাবে বিষয়টি আলোচনায় আসে।

ঘটনার পর ভাঙ্গা থানা পুলিশ অনুসন্ধান চালিয়ে গুলি ছোড়ার ঘটনায় হামিদুল গাজীকে শনাক্ত করে। তার ব্যবহৃত প্রাইভেটকারটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-গ-১৬-৩০৮৭। ওই গাড়িতে তার সঙ্গে থাকা নারী আরোহী শিমু আক্তার তিশা ওরফে ফাতেমা ইসলাম এনি (২৬) বলেও পুলিশ জানিয়েছে।

পুলিশের অনুসন্ধানের ভিত্তিতে গত ১০ সেপ্টেম্বর ভাঙ্গা থানায় মামলা করা হয়। মামলাটি ভাঙ্গা থানার মামলা নম্বর-০৬, তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৬। মামলায় অস্ত্র আইনের ১৯(এ) ধারাসহ দণ্ডবিধির ৩০৭ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার তদন্তভার দেওয়া হয় ভাঙ্গা থানার এসআই মোহাম্মদ মিজানুর রহমানকে।

পরে গত ১৫ সেপ্টেম্বর র‍্যাব-১ ঢাকার সহযোগিতায় ভাঙ্গা থানা পুলিশ মামলার এজাহারনামীয় আসামি হামিদুল গাজীকে ঢাকার বনানী এলাকা থেকে গ্রেপ্তার করে। তার সঙ্গে থাকা নারী আরোহী শিমু আক্তার তিশা ওরফে ফাতেমা ইসলাম এনিকে মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। গ্রেপ্তারের সময় হামিদুল গাজীর ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে হামিদুল গাজী ঘটনার দিন গুলি ছোড়ার কাজে ব্যবহৃত অস্ত্রটি মুন্সিগঞ্জের লৌহজংয়ে তার নিজ বাড়ির পরিত্যক্ত টয়লেটে লুকিয়ে রাখার কথা স্বীকার করেন।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানাধীন গোয়ালী মান্দ্রা এলাকায় অভিযান চালায়। সেখানে হামিদুল গাজীর নিজ বাড়ির পরিত্যক্ত টয়লেট থেকে তার দেখানো ও নিজের হাতে বের করে দেওয়া মতে একটি .২২ বোরের রিভলবার উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা অনুযায়ী অস্ত্রটি জব্দ করা হয়।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্রেপ্তার হামিদুল গাজীর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট নয়টি মামলা রয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণসহ মামলার মূল রহস্য উদঘাটন ও পূর্ণাঙ্গ তদন্তের জন্য কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিভাগের আরও সংবাদ