সারাদেশ

মানিকগঞ্জে জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবিলায় স্বাস্থ্য খাতের সক্ষমতা বাড়াতে কর্মশালা

সংগৃহীত

আরও পড়ুন

জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবিলায় স্বাস্থ্য খাতের সক্ষমতা বাড়ানো এবং ভুক্তভোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে মানিকগঞ্জে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার) সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ কর্মশালার আয়োজন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট।

কর্মশালায় ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অব রেপ, জেন্ডারভিত্তিক সহিংসতার শিকার ব্যক্তিদের চিকিৎসাসেবা, সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবা প্রদানকারীদের দায়িত্ব, সেবা প্রদানের ক্ষেত্রে সমন্বয় এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর নিয়ে আলোচনা করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জেন্ডারভিত্তিক সহিংসতার শিকার ব্যক্তিদের জন্য জাতীয় প্রটোকল, প্রশিক্ষণ কার্যক্রম ও চিকিৎসাসেবা নির্দেশনা সম্প্রসারণ করা হয়েছে। একই সঙ্গে সেবার মান নিশ্চিত করতে ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অব রেপ মডিউল, ডিজিটাল গাইড ও অ্যাপ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবা সংক্রান্ত তথ্য সংরক্ষণ ও প্রতিবেদন নিশ্চিত করতে DHIS2-ভিত্তিক রিপোর্টিং ব্যবস্থাও চালু রয়েছে।

কর্মশালায় আরও বলা হয়, জাতীয় প্রটোকল বাস্তবায়ন ও মাঠপর্যায়ের অভিজ্ঞতার ভিত্তিতে ২০২৫ সালে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর প্রণয়ন করা হয়েছে। এর মাধ্যমে সেবা প্রদানের কার্যপদ্ধতি, দায়িত্ব, সময় ও মানদণ্ড নির্ধারণ করা হয়েছে।

কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ডা. মো. এনামুল হক, মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, ২৫০ শয্যা বিশিষ্ট মানিকগঞ্জ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. বাহাউদ্দিন, ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস।

মানিকগঞ্জের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আব্দুল্লাহ আল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বিষয়ভিত্তিক আলোচনা করেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের সাবেক মহাপরিচালক আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ, উপ-পরিচালক ড. রেজওয়ান আহমেদ ও মো. দবির আল কাদের, জেন্ডারভিত্তিক জাতীয় কমিটির সদস্য ডা. রাহাত আরা নুর, জেন্ডার বিশেষজ্ঞ ডা. এ জি এম মাসুকুর রহমান এবং স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. গোলাম রাফি।

কর্মশালায় জাতীয় প্রটোকল, ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অফ রেপ মডিউল ও স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এবং জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবিলায় স্বাস্থ্য খাতের সক্ষমতা বিষয়ে অংশগ্রহণকারীদের ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি, সমন্বিত ক্লিনিক্যাল ও মনোসামাজিক সেবা নিশ্চিতকরণ এবং সেবার কার্যকর বাস্তবায়নের মাধ্যমে আন্তঃখাত সমন্বয় ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

দিনব্যাপী কর্মশালায় সরকারি-বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, জেলা প্রশাসন, পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নারী ও শিশু বিষয়ক সংশ্লিষ্ট কর্মকর্তা এবং অন্যান্য অংশীজন অংশ নেন।

এ বিভাগের আরও সংবাদ