মানিকগঞ্জে বাড়ছে হাম রোগীর সংখ্যা, আক্রান্ত ছাড়াল ৫০০

🕙 প্রকাশিত : ৭ মে, ২০২৬ । ৬:০৮ এএম

মানিকগঞ্জ জেলায় উদ্বেগজনক হারে বাড়ছে হাম রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০৭ জনে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, আক্রান্তদের বড় একটি অংশ শিশু। বর্তমানে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল এবং কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ৬০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, আক্রান্তদের অধিকাংশই নির্ধারিত সময়ে হাম প্রতিরোধী টিকা নেয়নি অথবা টিকাদান কর্মসূচির বাইরে ছিল। ফলে সংক্রমণের ঝুঁকি দ্রুত বেড়ে যাচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা স্বাস্থ্য বিভাগ মাঠপর্যায়ে নজরদারি বাড়ানোর পাশাপাশি বিশেষ টিকাদান কার্যক্রম জোরদার করেছে। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ৬ মে পর্যন্ত জেলায় ১ লাখ ২৯ হাজার ৬৩০ জন শিশুকে হাম প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে।
মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম মুফাখখারুল ইসলাম বলেন, হাম অত্যন্ত সংক্রামক রোগ হলেও সময়মতো টিকা নিলে এটি সহজেই প্রতিরোধ করা সম্ভব। তিনি অভিভাবকদের আতঙ্কিত না হয়ে শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত করার এবং আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ