শিরোনাম
Advertisement
সারাদেশ

প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান প্রধানমন্ত্রীর
Advertisement

আশপাশে থাকা কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করতে এবং তাদের কষ্ট না দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কোনো প্রাণীর যত্ন নিতে না পারলেও অন্তত তাদের ক্ষতি করা বা কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অনেক সময় দেখা যায়, মানুষ অকারণে বিভিন্ন প্রাণীকে নির্যাতন করে এবং কষ্ট দেয়। এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়। আল্লাহ তায়ালা মানুষের কল্যাণ ও প্রয়োজনে এসব প্রাণী সৃষ্টি করেছেন। তাই প্রতিটি প্রাণীর প্রতি আমাদের দায়িত্বশীল আচরণ করা উচিত।

তিনি বলেন, প্রাণীদের প্রতি সহমর্মিতা ও দায়িত্ববোধের শিক্ষা পরিবারের শিশু-কিশোরদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। ছোটবেলা থেকেই তাদের জীবজন্তুর প্রতি মমত্ববোধ ও সহানুভূতিশীল হওয়ার শিক্ষা দিতে হবে। বোঝাতে হবে, আমাদের চারপাশের প্রতিটি প্রাণীর বেঁচে থাকার অধিকার রয়েছে।

তারেক রহমান আরও বলেন, কোনো প্রাণীর উপকার করতে না পারলেও অন্তত তাদের ক্ষতি করা বা কষ্ট দেওয়া থেকে সবাইকে বিরত থাকতে হবে। পাশাপাশি সম্ভব হলে আশপাশের জীবজন্তুর যত্ন নেওয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসতে হবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে প্রাণীর প্রতি ভালোবাসা ও সহমর্মিতার মানসিকতা গড়ে তোলা গেলে এমন একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব হবে, যেখানে শুধু মানুষ নয়, প্রতিটি জীব নিরাপদে বসবাস করতে পারবে এবং প্রকৃতির সঙ্গে সহাবস্থান নিশ্চিত হবে।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

এ বিভাগের আরও সংবাদ