মানিকগঞ্জের হরিরামপুরে নাশকতার মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা মজিব উদ্দিন চৌধুরী মিন্টুকে ছাড়িয়ে নিতে থানায় তদবির করার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল মতিন মোল্লা লাভলু।
গ্রেপ্তার মজিব উদ্দিন চৌধুরী মিন্টু (৫৫) উপজেলার বয়ড়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের মৃত আনসার উদ্দিন চৌধুরীর ছেলে। তিনি বয়ড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ২০২২ সালে জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতার পৈতৃক বাড়িতে একটি অনুষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর এ ঘটনায় হরিরামপুর থানায় মামলা হয়। ওই মামলায় সম্পৃক্ততার অভিযোগে মিন্টুকে গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয় বিএনপির একাধিক নেতার অভিযোগ, গ্রেপ্তার মিন্টু সাবেক উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমানের সম্বন্ধী। অতীতে আব্দুল মতিন মোল্লা লাভলুর সঙ্গে দেওয়ান সাইদুর রহমানের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মিন্টু গ্রেপ্তার হওয়ার পর তাঁকে ছাড়িয়ে নিতে দেওয়ান সাইদুর রহমানের ঘনিষ্ঠজনেরা কয়েকজন বিএনপি নেতার সঙ্গে যোগাযোগ করেন। এ সময় তাঁদের থানায় সুপারিশ করার অনুরোধ জানানো হলেও তাঁরা এতে রাজি হননি।
অভিযোগকারীদের দাবি, পরে আব্দুল মতিন মোল্লা লাভলু নিজেই থানায় গিয়ে গ্রেপ্তার মিন্টুকে ছাড়িয়ে নিতে তদবির করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশ তাঁদের সুপারিশ আমলে না নিয়ে মিন্টুকে আদালতে পাঠায়।
এ ছাড়া আব্দুল মতিন মোল্লা লাভলু স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর অনুসারী বলে স্থানীয় রাজনৈতিক মহলে পরিচিত। এর আগে একই সংসদীয় আসনের সিংগাইর উপজেলায় এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে সংসদ সদস্যের বিরুদ্ধে তদবিরের অভিযোগ উঠেছিল। পরপর এ ধরনের ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে বলে দলীয় একাধিক সূত্র জানিয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে আব্দুল মতিন মোল্লা লাভলুর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
তদবিরের অভিযোগ প্রসঙ্গে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে. ও. এম. তৌফিক আজম বলেন, “বিএনপি নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকে ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে। যে যা-ই বলুক, কোনো আসামিকে ছেড়ে দেওয়ার সুযোগ নেই। থানায় একটি সভা ছিল। ওই সভায় বিএনপি নেতাদের ডাকা হয়েছিল।”





