শীর্ষ সংবাদ

মানিকগঞ্জে হাম টিকাদানে ৭৩ শতাংশ সম্পন্ন, লক্ষ্যমাত্রা অর্জনে জোর তৎপরতা

দৈনিক টেলিগ্রাম

মানিকগঞ্জ জেলায় চলমান হাম (মিজলস) টিকাদান কর্মসূচিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৭৩.০৮ শতাংশ টিকাদান সম্পন্ন হয়েছে।
জেলায় মোট ১ লাখ ৪৪ হাজার ৭২০ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ১ লাখ ৫ হাজার ৭৬৭ জন শিশুকে টিকা প্রদান করা হয়েছে।
মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মঙ্গলবার (৫ মে) প্রকাশিত তথ্য অনুযায়ী, উপজেলা ভিত্তিক পরিসংখ্যানে ঘিওর উপজেলায় সর্বোচ্চ ৮৪.১৬ শতাংশ টিকাদান সম্পন্ন হয়েছে। এছাড়া দৌলতপুরে ৮০.৭২ শতাংশ, হরিরামপুরে ৭৮.৮৮ শতাংশ, মানিকগঞ্জ পৌরসভায় ৭৮.৭০ শতাংশ এবং সদর উপজেলায় ৭০.৭৮ শতাংশ অগ্রগতি অর্জিত হয়েছে।

অন্যদিকে, সাটুরিয়া উপজেলায় সর্বনিম্ন ৬৩.৬৫ শতাংশ টিকাদান সম্পন্ন হয়েছে। এছাড়া শিবালয়ে ৬৯.৬২ শতাংশ এবং সিংগাইরে ৬৮.৬৪ শতাংশ অগ্রগতি লক্ষ্য করা গেছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, যেসব এলাকায় এখনও লক্ষ্যমাত্রা পূরণ হয়নি, সেসব স্থানে টিকাদান কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে শিশুদের টিকার আওতায় আনা, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মীদের সক্রিয়তা বাড়ানো হয়েছে।
স্বাস্থ্য সংশ্লিষ্টরা মনে করছেন, হাম প্রতিরোধে শতভাগ টিকাদান নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ জন্য অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে শিশুদের নিকটস্থ টিকাকেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ