সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে এক পয়সাও বেশি আদায় করা হলে সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। বাড়তি ভাড়া আদায় করলে আইন অনুযায়ী জরিমানা করার পাশাপাশি পরবর্তীতে ওই পরিবহনকে কোনো রুট পারমিট দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সড়ক মন্ত্রী।
জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাসভাড়া বৃদ্ধির যৌক্তিকতা তুলে ধরে মন্ত্রী বলেন, প্রচলিত আন্তর্জাতিক ও জাতীয় নীতিমালা অনুযায়ী জ্বালানি তেলের দাম প্রতি লিটারে এক টাকা বাড়লে বাসভাড়া কিলোমিটারে এক পয়সা করে বাড়ে। সে হিসাবে প্রতি লিটার জ্বালানির দাম ২০ টাকা বাড়ায় কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানো যৌক্তিক ছিল।
তবে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে যৌক্তিক হারের চেয়েও কম, অর্থাৎ কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, নির্ধারিত ১৭ পয়সার চেয়ে এক পয়সাও অতিরিক্ত ভাড়া বাড়ানো বা আদায় করা যাবে না। এ বিষয়ে কঠোরভাবে মনিটরিং করা হবে এবং নির্দেশনা বাস্তবায়ন করা হবে।
রেল ও নৌপথের ভাড়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম বলেন, ট্রেন ও লঞ্চের ভাড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী বৃহস্পতিবার একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
রেলভাড়া প্রসঙ্গে নিজের প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষের কথা বিবেচনা করে ট্রেনের ভাড়া যেন কোনোভাবেই না বাড়ে, সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে।
এর আগে মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ের এক বৈঠক শেষে নতুন বাসভাড়ার তথ্য জানান জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।
তিনি জানান, নতুন পুনর্নির্ধারিত হার অনুযায়ী দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া হবে ২ টাকা ৪০ পয়সা। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাস ও মিনিবাসের প্রতি কিলোমিটারে ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ টাকা ৭০ পয়সা।









