মানিকগঞ্জের হরিরামপুরে জান্নাত আক্তার (১৫) নামে নবম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে । রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার বয়ড়া ইউনিয়নের কর্মকারকান্দি বয়ড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান হরিরামপুর থানা এস আই মো. এমদাদুল হক।
নিহত জান্নাত আক্তার কর্মকারকান্দি বয়ড়া এলাকার প্রবাসী শেখ জাফর মিয়ার মেয়ে এবং আব্দুর রাজ্জাক মডেল হাই স্কুলের নবম শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী।
স্থানীয় কয়েকজন জানান, আজ রোববার সকালে এন্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার নিয়ে জান্নাতের সঙ্গে তার মায়ের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তার কাছ থেকে মোবাইল ফোনটি নিয়ে নেওয়া হয় এবং তার মা আরেক সন্তানকে দিতে স্কুলে চলে যান। পরে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতর ফ্যানের সাথে ওড়না পেচিয়ে ঝুলন্ত দেখতে পান।
খবর পেয়ে হরিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আব্দুর রাজ্জাক মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আওলাদ হোসেন জানান, কিছুক্ষণ আগে একজন অভিভাবক তাকে নবম শ্রেণির (মানবিক বিভাগ) ছাত্রী জান্নাত আত্মহত্যা করেছে বলে মোবাইল ফোনে জানিয়েছেন।
স্থানীয়দের বরাতে হরিরামপুর থানা এসআই মো. এমদাদুল হক বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এখনো ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

