মানিকগঞ্জের ঘিওরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. আবদুর রশিদ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের চঙ্গ শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঘিওর সদর ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল। নিহত আবদুর রশিদ ওই গ্রামের মৃত শেখ নৈমনুদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে ভুগছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে পা পিছলে গভীর পানিতে পড়ে যান আবদুর রশিদ। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে স্থানীয় লোকজনও তাঁদের সঙ্গে যোগ দেন। পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। খবর পেয়ে ঘিওর উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পুকুরে তল্লাশি চালিয়ে আবদুর রশিদের মরদেহ উদ্ধার করে। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন স্টেশন লিডার শাহিন আলম।









