পিরোজপুরে বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজে বাধার অভিযোগ, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৪

🕙 প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৬ । ৭:০১ এএম

পিরোজপুর সদর উপজেলায় বিদ্যুৎ বিভাগের একটি সাবস্টেশন নির্মাণের জন্য বালু ভরাটের কাজে বাধা, ভাঙচুর ও ঠিকাদারের কাছে চাঁদা দাবির অভিযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাব ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার কদমতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম শেখ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিব শেখ, কৃষক দলের সাবেক সভাপতি রাজু এবং শ্রমিক দলের সাবেক সভাপতি আশরাফুল।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফুল ইসলাম জানান, মামলার প্রধান আসামি আব্দুস সালাম শেখকে রোববার (৩০ আগস্ট) দুপুরে পদ্মা সেতু এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কদমতলা এলাকায় বিদ্যুৎ বিভাগের ওয়েস্টার্ন জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)-এর সাবস্টেশন নির্মাণের জন্য বালু ভরাটের কাজ চলছিল। অভিযোগ রয়েছে, আসামিরা ওই কাজে বাধা দিয়ে ঠিকাদার মো. জাকির হোসেনের কাছে চাঁদা দাবি করেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, কয়েক দিন ধরে তারা নির্মাণকাজে বাধা দিয়ে আসছিলেন। দাবি করা অর্থ না দেওয়ায় বালু ভরাটের কাজে ব্যবহৃত পিভিসি পাইপসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া ঠিকাদারের কাছে বালু ভরাটের কাজের অংশীদারত্ব এবং নির্দিষ্ট পরিমাণ অর্থ দাবি করার অভিযোগও রয়েছে।

ঘটনার পর রোববার ছয়জনকে আসামি করে সদর থানায় মামলা করা হয়। পরে পুলিশ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিব শেখ, কৃষক দলের সাবেক সভাপতি রাজু ও শ্রমিক দলের সাবেক সভাপতি আশরাফুলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

অন্যদিকে বাসে করে ঢাকা যাওয়ার পথে মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে প্রধান আসামি আব্দুস সালাম শেখকে পদ্মা সেতু এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। পুলিশ জানিয়েছে, র‍্যাব তাকে পুলিশের কাছে হস্তান্তর করলে আদালতে পাঠানো হবে।

এ বিষয়ে পিরোজপুর জেলা বিএনপির সদস্যসচিব এস এম ছাইদুল ইসলাম কিসমত বলেন, মামলায় আটক নেতা-কর্মীরা দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ