মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের ছনকা উচ্চ বিদ্যালয় ধলেশ্বরী নদীর ভাঙন থেকে রক্ষা করতে নদীর পশ্চিমপাড়ে স্থানান্তর করা হয়েছে। সেখানে নিয়মিত পাঠদান চলছে। অন্যদিকে নদীর তীরে পূর্বপাড়ের পুরোনো বিদ্যালয়ে ঝুলছে তালা। পরে বিদ্যালয় স্থানান্তরের অনুমতি বাতিলের আদেশ এবং তা নিয়ে উচ্চ আদালতে মামলা থাকলেও পূর্বপাড়ের সকল ছাত্রছাত্রী পশ্চিমপাড়ে নিয়মিত ক্লাশ করছেন। তবে বিদ্যালয়টি পশ্চিমপাড়ে স্থানান্তরিত হওয়ায় স্বস্তি পেয়েছেন অনেকেই। বিদ্যালয়ে স্থানান্তরে শিক্ষার্থীদের সমস্যা না থাকলেও, বিষয়টি নিয়ে সমস্যা করছেন স্থানীয় এলাকার কিছু কুচক্রী মহল এমনটাই জানিয়েছেন স্থানীয়রা।
জানা যায়, ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয় ছনকা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের উত্তর পাশ দিয়ে প্রবাহিত ধলেশ্বরী নদী কয়েক বছর পর থেকেই ভাঙতে শুরু করে। ক্রমাগত নদীভাঙনে বিদ্যালয়ের একেবারে কাছে চলে আসায় স্থাপনা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দেয়। একপর্যায়ে বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়। এমন পরিস্থিতিতে বিদ্যালয় পরিচালনা কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে শিক্ষা মন্ত্রণালয়ে স্থানান্তরের আবেদন করা হয়। যথাযথ কর্তৃপক্ষের তদন্তের পর ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি ধলেশ্বরী নদীর পশ্চিমপাড়ে একই মৌজায় বিদ্যালয়ের নামে কেনা ৮২ শতাংশ জমিতে প্রতিষ্ঠানটি স্থানান্তরের অনুমতি দেওয়া হয়।
মন্ত্রণালয়ের অনুমতির পর ২০২৫ সালের ২৮ এপ্রিল থেকে পশ্চিমপাড়ের নতুন স্থানে নিয়মিত পাঠদান শুরু হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, একটি কুচক্রী মহলের ভুল ব্যাখ্যা ও ষড়যন্ত্রের কারণে ২০২৫ সালের ২০ মে আগের স্থানান্তরের আদেশ বাতিল করা হয়। ওই আদেশের বিরুদ্ধে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাইকোর্টে রিট পিটিশন করেন। পরে হাইকোর্ট ২০২৫ সালের ২০ মে আদেশটি ছয় মাসের জন্য স্থগিত করেন। পরে ওই স্থগিতাদেশ আরও তিন দফা বৃদ্ধি করা হয়।
এদিকে সরেজমিনে পূর্বপাড়ের পুরোনো বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সেখানে তালা ঝুলছে। স্থাপনাটির একেবারে কাছ দিয়ে বয়ে গেছে ধলেশ্বরী নদী। নদীভাঙনের ঝুঁকিতে থাকা পুরোনো স্থাপনাটিতে কোনো পাঠদান কার্যক্রম চোখে পড়েনি। এ বিদ্যালয়ের এক দিকে ছিলো নদীভাঙনের ঝুঁকি অন্যদিকে তীব্র গরমে দুর্ভোগ। শিক্ষার্থীদের অস্বস্তিদায়ক বেদনার মধ্য দিয়ে পাঠদান করতে হতো।
পূর্বপাড়ের স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই পূর্বপাড়ের বিদ্যালয়টি বন্ধ রয়েছে। কেউ কেউ পশ্চিমপাড়ে স্থানান্তরিত বিদ্যালয়ে গিয়ে ক্লাস করছে।
তবে এ বিষয়ে বিস্তারিত কথা বলতে রাজি হননি সাময়িকভাবে পাঠদান করানো কয়েকজন স্বেচ্ছাসেবী শিক্ষক।
পূর্বপাড়ের এলাকার গৃহবধূ সানজিদা বলেন, এক মাসের বেশি হবে এই স্কুলটা বন্ধ। চরের পোলাপন অনেক কষ্ট করে উপার যাইয়া ক্লাস করতাছে, অনেক কষ্ট করতাছে শুধুমাত্র এই স্যারদের কারণে। স্কুল বন্ধ মানেই যে হইলো ক্লাস করাইতো আগে,এই স্কুলটা তো অনেক দিন দুই বছর ধইরা কাহিনী। স্কুলটায় ক্লাস করাইতো পোলাপনও আসতো, প্রায় এক মাস ধইরা আর কি ক্লাস বন্ধ। এই রেজিস্ট্রেশনের কারণে এই স্কুল এর পোলাপান ওপার যাইয়া ক্লাস করতেছে।
অন্যদিকে, বিদ্যালয় নিয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানানো হয় সাংবাদিকদের। বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল মজিদ সাংবাদিকদের টাকা দিয়ে বিষয়টি রফাদফা করার চেষ্টা করেন। তিনি বলেন, আমাদের কোনো নিউজ করতে হবে না। আপনারা আসছেন, তেল খরচ নিয়ে যান।
সরেজমিনে পশ্চিমপাড়ের বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, নতুন স্থাপনায় সুশৃঙ্খল পরিবেশে পাঠদান চলছে। অধিকাংশ শিক্ষার্থীর উপস্থিতিতে স্বাভাবিকভাবেই চলছে শ্রেণি কার্যক্রম। সকল শিক্ষকের উপস্থিতিতে চলছে পাঠদান। এই বিদ্যালয়ের রয়েছে বিস্তীর্ণ মাঠ, গাছপালা সহ মনোরম পরিবেশ। মেয়েদের জন্য নির্মাণ করা হয়েছে আলাদা ওয়াশরুম। তবে একটি ভবনের অভাবে অসম্পূর্ণ রয়ে গেছে বিদ্যালয়টি।
দশম শ্রেণীর শিক্ষার্থী শুভশ্রী রাজবংশী জানান, পূর্ব পাড়ে যখন আমাদের বিদ্যালয়টা ছিল, আমাদের মনের ভিতর একটা ঝুঁকি ছিল ঝুকি থেকেই যেত। বিদ্যালয়ের পেছনে ধলেশ্বরী নদী প্রবাহিত হয়েছে। যখন বর্ষাকাল আসে জল বৃদ্ধি পায় তখন নদী ভাঙ্গনের সৃষ্টি হয় যার ফলে যেকোনো সময় বিদ্যালয় ধ্বসে পড়ে যেতে পারে। আমাদের স্কুল যখন এই পারে আসে পশ্চিম পাড়ে আসে আমাদের নদী ভাঙ্গনের কোন ভয় নেই আমরা নিরাপদে শিক্ষা গ্রহণ করতে পারতেছি। তাছাড়াও আমাদের এই বিদ্যালয়ের পরিবেশ মনোরম পরিবেশ, শান্তিপূর্ণ পরিবেশ। স্কুল যখন এই পারে স্থানান্তরিত হয় তখন কিছুদিন এই পাশের ছাত্রছাত্রী বেশি ছিলাম এখন ইদানীং আমাদের ওইপারে সহপাঠিরা এপারে আসে ক্লাস করে। আগের তুলনায় আমাদের ক্লাসের ছাত্রদের সংখ্যা বেড়েছে।
অত্র বিদ্যালয়ের সাগর শীল নামের একজন সহকারি শিক্ষক জানান, আমাদের এপারে অর্থাৎ পশ্চিমপাড়ে প্রায় ২৫০ জন ছাত্রছাত্রী রয়েছেন যারা নিয়মিত ক্লাস করছেন। এখানে যথারীতি নিয়ম তান্ত্রিকভাবেই পাঠদান হচ্ছে। এখানে যত জন শিক্ষক আছে সকলেই তাদের ক্লাসগুলো সাধ্যমত যথাযথভাবেই নিচ্ছেন। ওই পাড়ে আর শিক্ষার্থী নেই বললেই চলে, সকলেই এই পাড়ে ক্লাশ করছেন এখন। ওইপারে এখন কোন টিচার নেই, আইনগত ভাবে আমরা এইপাড়েই ক্লাশ নিচ্ছি। এখন সকল কার্যক্রম এই পাড়েই হচ্ছে, ওইপারের কার্যক্রম বন্ধ আছে।
ছনকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম বলেন, প্রথমত বলি ওই পার থেকে এই পাশে আসার কারণ হলো নদী ভাঙ্গার কারণে। স্কুলটা ওইপারেই করা হয়েছিল কিন্তু নদী ভাঙতে ভাঙতে স্কুলের এমন কাছে আসছে যে যেকোনো মুহূর্তে এটা নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারত। এইজন্য আমরা স্কুলটা স্থানান্তর করার জন্য মন্ত্রণালয় বরাবর আবেদন করি এবং তদন্ত সাপেক্ষে, পরিদর্শনের সাপেক্ষে এই পাশে স্থানান্তরের অনুমতি দেয়।
তারপরে প্রায় দুই বছর আগে ২০২৫ সালের এপ্রিল মাসের ২৮ তারিখে আমরা স্কুলটা এ পাশে স্থানান্তর করে ফেলি । এরপর মন্ত্রণালয়কে অবহিত করি, ক্লাস শুরু করে দেই। তারপরেই একটা পক্ষ,এটা আসলে কারও কুপ্ররোচনায় হতে পারে, এই আদেশটাকে বাতিল করার জন্য মন্ত্রণালয়ে আবেদন করে। এবং মন্ত্রণালয়ের আদেশটা বাতিল করে দিলে আমরা এটার বিরুদ্ধে রিট করি। তো রিট করার পর তো প্রায় দুই বছর হয়ে গেছে রিট। তো রিটটা আমাদের পক্ষে রায় আছে এবং সেই অনুযায়ী চলছে স্কুল এখানে। এটা ফাইনাল শুনানি হবে শুনানির পর রায় হবে। আমাদের বিশ্বাস যে রায়টা আমাদের পক্ষেই হবে কারণ দুই বছর যাবত স্কুলটা এখানে চলছে এবং সুন্দর সুশৃঙ্খলভাবে চলছে।
তিনি আরও জানান, আগে স্টুডেন্ট একটু কম ছিল ওই পাড়ের চেয়ে, এখন এ পাড়ে স্টুডেন্ট মোটামুটি ভালো আছে।এখন আমাদের ২৫০ জন এর উপরে স্টুডেন্ট আছে । আর পাঠদান কার্যক্রম ইনশাআল্লাহ ভালো চলছে। তো কিছুটা সমস্যা আমাদের থাকে, ভৌত অবকাঠামোর একটা ব্যাপার স্যাপার আছে। এইজন্য কিছুটা ক্লাসের মানে ভৌত অবকাঠামোগত একটা সমস্যা কিছুটা আছে। বর্তমানে আমাদের বিদ্যালয়ের জন্য একটা ভবন হলে খুব ভালো হয়। একটা ভবন হলে আমাদের বাচ্চারা অন্যান্য বিদ্যালয়ের মতোই একটা মানসম্মত পরিবেশে পাঠ গ্রহণ করতে পারে।
আগে উপস্থিতির মধ্যে এই পাশের থেকে যে বাচ্চাগুলো যেত, বাচ্চাগুলো অনেকটাই অনুপস্থিত থাকতো। আর এখন তো সেই সমস্যাটা হয় না ইনশাআল্লাহ।
ছনকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, বিদ্যালয়টি আপাতত যেই পাশে আছে সেই পাশেই সকল ধরনের কার্যক্রম চলছে। আমি নিজে সরেজমিনে গিয়ে ওই পারে (পশ্চিম পাড়ে) গিয়ে দেখে এসেছিলাম যেখানে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম যে পাশে চলছে। আমরা উভয়ই পক্ষকে নিয়ে বসেছিলাম,একটি মিটিং করেছিলাম। সর্বশেষ যতটুকু আমি জানি হাইকোর্টে একটা রিট হয়েছে, রিট হওয়ার পরে হাইকোর্ট থেকে স্থিতি অবস্থা দিয়েছে। যার কারণে এই সাইডের কার্যক্রম অগ্রসর করার বিষয়ে ওইভাবে পদক্ষেপ গ্রহণ করতে পারিনি। তবে আমরা চাই স্কুল দুই পাশেই থাকুক, এই পারে শিক্ষার্থীরাও পড়াশোনা করবে, এবং ওই পারে যেটা আছে সেটাও থাকলো।
তিনি আরো বলেন, পূর্বপাড়ে ওইখানে আমার যতটুকু জানা আছে স্কুলের অবকাঠামো আছে কিন্তু ওইভাবে পাঠদান কার্যক্রম নেই। পূর্বপাড়ের শিক্ষার্থীরাও পশ্চিমপাড়ে গিয়ে অনেকেই পড়াশোনা করছে।
আমরা চাই পূর্বপাড়ে যেহেতু স্কুল টা ছিল এখানে থেকেই যেহেতু স্কুলের উৎপত্তি, আমরা চাই এই পারেও স্কুলটা অবশ্যই থাকবে। কারণ এই পাশের শিক্ষার্থীরা যারা আছেন তাদের দাবি এবং আশেপাশে কোন বিদ্যালয় নেই। ক্যাচমেন্ট এরিয়ার মধ্যে যে বিদ্যালয়গুলো আছে সেগুলো দূরে। তাহলে এই পাড়ের শিক্ষার্থীদের পাঠদানের সুবিধার্থে অবশ্যই এই পারে বিদ্যালয়ের ব্যবস্থা গ্রহণ আমরা করবো। এবং অবকাঠামগত উন্নয়ন যেটা সেটাও আমরা করার চেষ্টা করব।
এইখানে একটা বিষয়ও আছে, নদী ভাঙ্গনের একটা রিস্ক আছে। সবকিছু বিবেচনা করে আমরা যেটা ভালো হয় শিক্ষার্থীদের একই সাথে বিদ্যালয়ের জন্য ভালো হয় সেটাই আমরা করবো।





