নাটোরের উত্তরা গণভবনের সামনে বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার পথসভা চলাকালে এক যুবককে পিস্তলসহ আটক করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) বিকেল আনুমানিক ৪টা ৩৫ মিনিটে এ ঘটনা ঘটে।
আটক যুবকের নাম তানিম। তিনি নাটোর পৌরসভার কানাইখালী এলাকার শামসুল আলমের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আলম জানান, বিকেল ৩টার দিকে উত্তরা গণভবন পরিদর্শন শেষে মন্ত্রী গেটসংলগ্ন একটি পথসভায় বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে মঞ্চ থেকে নামার সময় ওই যুবকের সঙ্গে মন্ত্রীর দুইবার ধাক্কা লাগে। এতে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
তল্লাশির একপর্যায়ে তার কাছে একটি পিস্তল পাওয়া গেলে পুলিশ তাকে অস্ত্রসহ আটক করে নাটোর সদর থানার হেফাজতে নেয়।
তবে আটক যুবকের দাবি, উদ্ধার হওয়া পিস্তলটি তার বাবার নামে বৈধ লাইসেন্স করা। আত্মরক্ষার জন্য তিনি অস্ত্রটি সঙ্গে রেখেছিলেন। তিনি নিজেকে একজন শিক্ষার্থী বলেও দাবি করেছেন।
এ সময় মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঘটনার বিষয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

