শিরোনাম
Advertisement
মতামত

মানিকগঞ্জের প্রথম রিক্সা এবং গোপালদার বিবিধ প্রসঙ্গ।

Advertisement
মানিকগঞ্জ শহরের প্রথম রিকশাচালক গোপাল দা। তাঁর হাত ধরেই ১৯৬২ সালে শহরে যাত্রা শুরু হয়েছিল রিকশার

আরও পড়ুন

ছবির মানুষটি আমাদের গোপাল দা, বয়স নব্বই ছুঁই,ছুঁই। সারাদিন শহরে সময় কাটানো মানুষটি এখন আর শহরে যান না। কালীগঙ্গার বেউথা ব্রিজের দক্ষিণপ্রান্তের পৈত্রিক ভিটেবাড়িতেই তাঁর নিভৃতকাল কাটে।

আজন্ম সরল এই মানুষটির নাম মানিকগঞ্জের ইতিহাসের কোন পাতাতেই হয়তো লেখা নেই, লেখা থাকবে না। অতি সাধারণেরা ইতিহাসের উপাদান হয়ও না। তবে আমি যদি মানিকগঞ্জের ইতিহাস লিখতাম, তাহলে আর কোন কারণে না হোক, একটি কারণে গোপালদার নামটা সেই ইতিহাসে থাকতো।

সে কারণটি হল, আমাদের গোপাল দা সেই মানুষ, যাঁর হাতেই একালের রিক্সার শহর মানিকগঞ্জে প্রথম রিক্সাটি এসেছিল। তিনিই প্রথম মানিকগঞ্জ শহরে রিক্সা চালিয়েছেন।

৬২ সালে ঢাকা থেকে রিক্সার, বিভিন্ন পার্টস কিনে এনে নিজেই নিজের রিক্সা রাস্তায় নামিয়েছিলেন।
বেউথা লঞ্চঘাট, স্টিমারঘাট থেকে বাসস্ট্যাণ্ড পর্যন্ত যাত্রী টানতেন। ভাড়া  ছিল একজন দুই আনা, দুইজন চার আনা। অর্ধেক রাস্তা ছিল ইট বিছানো, অর্ধেক মাটির।

একসময় রিক্সা চালানো ছেড়ে রিক্সা মেরামতী পেশায় নামেন। শুধু চালানো, মেরামত না, রিক্সা চালকদের সর্বজনগ্রাহ্য নেতাও ছিলেন তিনি।

তিন যুগেরও বেশীসময় ধরে গোপাল দা ছিলেন মানিকগঞ্জ জেলা রিক্সাচালক সমিতির সভাপতি।
রিক্সাচালকদের অধিকার আদায়ে গোপালদার নেতৃত্বে অনেক সফল আন্দোলন হয়েছে। প্রশাসন, রাজনৈতিক চাপের মুখেও শান্ত এই মানুষটি কখন টলেননি।

এরশাদ বিরোধী আন্দোলনের সময় গোপালদাকে গোপনে বলে আসলেই হত ” দাদা, কাল হরতাল, একটু খেয়াল রাইখেন। ” তাতেই ৭০% রিক্সা শহরে নামতো না।

৫০ এর আকালের সময় ৭ দিন মানিকগঞ্জে কোন চাল ছিল না। বাজার ব্রিজের কাছে লঙ্গরখানার খিঁচুরী খেয়ে জীবন বেঁচেছে।

আবার আকাল নামবে এই ভয়ে  গোপালদার পুরো পরিবার পরের বছরই ভিটে মাটি বেঁচে, নৌকায় করে আসামে চলে গিয়েছিলেন। কিন্তু দু বছরের মাথায় পুরো পরিবারই ফিরে এসেছিলেন।
কারণ আসামে তাঁদের মন টিকেনি, শরীরও টিকেনি।

আসামে যাবার পরই গোপালদার বাবার একটাই কথা ছিল “দেশের মাটি-জলের সমান মাটি-জল দুনিয়ায় নাই । ”  তাই দু বছর পরই ফিরে এসেছিলেন সবাই মিলে। জমি কিনে নতুন করে জীবন শুরু করেছিলেন এই বেউথা নদীর তীরেই ।

ছোটকাল থেকেই তাঁকে গোপাল দা বলে চিনতাম, ডাকতাম। ব্যক্তিগত সম্পর্কও গড়ে উঠেছিল নানা ঘটনায়। অনেকদিন গোপালদাকে দেখিনি। বেউথা এলাকায় ঘুরতে গেলে তাঁকে খুঁজতাম। পাইনি।

গতকাল সন্ধ্যায় গোপাল দাকে পেয়েছিলাম বেউথাব্রিজ পার করে ব্রিজের দক্ষিণমুখী ঢালের বামদিকে রাস্তার মোড়ের একটি চায়ের দোকানে।
দোকানের বেঞ্চে বসা মানুষটিকে চেনা চেনা মনে হতেই পাশে বসলাম, তিনি মুখ তুলে চাইলেন, বললেন,”বাবা তোমারে যেন চেনা চেনা লাগে! নাম কী?”
আমি উত্তর না দিয়ে বললাম, “আপনি কি গোপাল দা? ”
তারপর কেউ কাউকে চিনতে সময় লাগেনি। লম্বা দুঘন্টা তাঁর সাথে গল্পে কেটেছে। চা খেয়েছি।

গল্প বলা অন্যায় হয়, ইতিহাস শুনেছি, মানিকগঞ্জের, কালীগঙ্গা নদীর, গোপালদার জীবনের। কি অসীম মায়া নিয়ে স্মৃতি থেকে বলে গেলেন। যেন রূপকথার গল্প বলছেন, সোনালী অতীতের আঙিনা নিংড়ে।
সে বলায় মিশে ছিল এই নদী, এই মানিকগঞ্জ, এই দেশের প্রতি গভীর ভালবাসা।
ভালবাসার সেসব গল্প আরেকদিনের জন্য রইল।

বলতে ভুলে গেছি, ছোট্ট এই চায়ের দোকানটা গোপালদারই। বুড়োবুড়ি মিলে চালান। ভালই আছেন আমাদের গোপাল দা। দুই মেয়ের বিয়ে হয়েছে। তিন ছেলে, নাতি নাতনি নিয়ে ভাল আছেন। ”
[ ২০১৯ সালে তাঁকে নিয়ে এ লেখাটি লিখেছিলাম। তিনি আজ বেঁচে নেই। করোনাকাল পেরুবার আগেই তিনি পরলোকে চলে গেছেন। পরমেশ্বর তাঁকে স্বর্গবাসী করুন। ]

এ বিভাগের আরও সংবাদ