শিরোনাম
Advertisement
সারাদেশ

আন্তর্জাতিক ইংলিশ অলিম্পিয়াডে নির্বাচিত আদিল, মালয়েশিয়া যাওয়া নিয়ে শঙ্কায় পরিবার

Advertisement

আন্তর্জাতিক ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর গ্লোবাল গ্র্যান্ড ফিনালে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে মানিকগঞ্জের ক্ষুদে শিক্ষার্থী মো. আদিল হোসেন। প্রাথমিক বাছাইপর্ব, সিলেকশন রাউন্ড এবং জাতীয় পর্যায়ের ধাপ পেরিয়ে সে এ গৌরব অর্জন করেছে। তবে আদিলের মালয়েশিয়া যাওয়া ও মূল মঞ্চে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তার বাবা একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়ায় বিদেশ সফরের ব্যয়ভার বহন করা তার পক্ষে সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি।

​আদিল হোসেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নের হরগজ এ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার পিতার নাম মানোয়ার হোসেন।

​প্রতিযোগিতার আয়োজকদের পক্ষ থেকে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে প্রকাশিত অভিনন্দনবার্তায় জানানো হয়েছে, ‘English Olympiad Global Grand Finale 2026’-এর চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবে আদিল। আগামী ২৭ থেকে ২৯ ডিসেম্বর ২০২৬ মালয়েশিয়ার কুয়ালালামপুরে এ গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। সেখানে সে ‘Small Starts Group’-এ অংশ নেবে।
​এর আগে গত ৩০ অক্টোবর ২০২৬ ঢাকার সেনানিবাস এলাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের রাউন্ডে অংশগ্রহণ করে আদিল। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টার পরীক্ষায় নিজের মেধা ও যোগ্যতার প্রমাণ দিয়ে সে আন্তর্জাতিক মঞ্চের টিকিট নিশ্চিত করে।

​আদিলের এই সাফল্যে তার পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে। এ অর্জনের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়েছে আদিলের পরিবার। সীমিত আয়ের কারণে বিদেশযাত্রার খরচ মেটানো নিয়ে দুশ্চিন্তায় থাকলেও আদিলের আগামী দিনের সাফল্যের জন্য সবার কাছে দোয়া চেয়েছে তারা।

​এ বিষয়ে হরগজ শিমুলীয়া এ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ খ ম নূরুল হক বলেন, “আদিলের এ বিজয়ে আমরা গর্বিত ও আনন্দিত। গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব অর্জন করা যায়, তা ও জাতিকে দেখিয়ে দিল। ওর জন্য শুভকামনা রইল।”

​স্থানীয়দের মতে, গ্রামীণ জনপদের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর এমন আন্তর্জাতিক অর্জন পুরো সাটুরিয়া ও মানিকগঞ্জবাসীর জন্য গর্বের। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা বা সহযোগিতা পেলে মালয়েশিয়ার মূল মঞ্চেও আদিল তার প্রতিভার স্বাক্ষর রাখতে পারবে এবং দেশের মুখ উজ্জ্বল করবে—এমনটাই প্রত্যাশা সবার।

এ বিভাগের আরও সংবাদ