মানিকগঞ্জ জেলা পুলিশের সাতটি থানার মধ্যে অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনায় বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের স্বীকৃতি হিসেবে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন মানিকগঞ্জ সদর থানার ওসি মো: মনির হোসেন। এ উপলক্ষে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার মো. সারওয়ার আলম।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অক্টোবর মাসে সাতটি থানার মধ্যে সর্বোচ্চ ২৪৭টি গ্রেপ্তারি ও সাজা পরোয়ানা তামিল, সর্বোচ্চসংখ্যক মামলার তদন্ত নিষ্পত্তি, ট্রাকসহ ২৮০ বস্তা সার আটক এবং নিয়মিত মামলার ৮০ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন ওসি মনির হোসেন। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে সামগ্রিক ভূমিকা বিবেচনায় তাঁকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়।
পুরস্কার পেয়ে ওসি মনির হোসেন বলেন, পুলিশের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। পুলিশের মূল কাজ মানুষের সেবা করা। তাই মানুষের কল্যাণে পুলিশকে সব সময় আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। এ অর্জন ভবিষ্যতে আরও ভালোভাবে দায়িত্ব পালনে তাঁকে উৎসাহিত করবে।
এ সময় পুলিশ সুপার মো. সারওয়ার আলম (বিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও অতিরিক্ত দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপসের দায়িত্বে থাকা মহরম আলী, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা-ডিএসবি) মো. আব্দুল্লাহ আল মামুন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন (পিপিএম-সেবা), জেলার অন্যান্য অতিরিক্ত পুলিশ সুপার এবং সাতটি থানার সকল ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





