“মুক্তচিন্তা ও অসাম্প্রদায়িক চেতনায় নতুন প্রজন্ম গড়তে মানিকগঞ্জে খেলাঘরের সংগঠক প্রশিক্ষণ।

🕙 প্রকাশিত : ৮ আগস্ট, ২০২৬ । ৮:২৬ এএম

শিশু-কিশোরদের সুস্থ সংস্কৃতি, মুক্তচিন্তা ও অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তোলার প্রত্যয়ে মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে খেলাঘর জেলা কমিটির দিনব্যাপী সংগঠক প্রশিক্ষণ কর্মশালা।

শুক্রবার (৭ আগস্ট) খানবাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অধ্যাপক জগদীশ চন্দ্র মালোর সভাপতিত্বে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন ঘোষণা করেন শিশু সংগঠক, সমাজসেবক ও রাজনীতিক ইকবাল হোসেন কচি।

কর্মশালার প্রথম পর্বে ‘খেলাঘর কী ও কেন?’ শীর্ষক বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যক্ষ শরীফ আহমেদ। তিনি খেলাঘরের আদর্শ, উদ্দেশ্য এবং শিশু-কিশোরদের মানসিক ও সাংস্কৃতিক বিকাশে সংগঠনটির ভূমিকা তুলে ধরেন।

দ্বিতীয় পর্বে ‘বাঙালি সংস্কৃতি ও বাংলাদেশ’ শীর্ষক প্রশিক্ষণ দেন গবেষক, সাংবাদিক ও শিক্ষক অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ নান্নু। এ পর্বে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি, অসাম্প্রদায়িক চেতনা এবং বাংলাদেশের সামাজিক-সাংস্কৃতিক বিকাশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালার তৃতীয় পর্বে খেলাঘরের ঘোষণাপত্র ও গঠনতন্ত্র নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন অধ্যক্ষ শরীফ আহমেদ। এতে সংগঠকদের দায়িত্ব, সাংগঠনিক কাঠামো, কার্যক্রম পরিচালনা এবং খেলাঘরের আদর্শ বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অনুষ্ঠিত হয় মূল্যায়ন সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশগ্রহণকারী সংগঠকেরা প্রশিক্ষণ কর্মশালার বিভিন্ন দিক নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য প্রবীর সাহা, উদীচী মানিকগঞ্জ জেলার কর্ণধার মুস্তাফিজুর রহমান মামুন, অধ্যাপক মনোয়ার হোসেন, প্রবীর সরকার, মনোরঞ্জন বনিক, মনিরা আফরোজ লিপিসহ খেলাঘরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সংগঠকেরা।

আয়োজকেরা বলেন, শিশু-কিশোরদের মধ্যে মানবিক মূল্যবোধ, মুক্তবুদ্ধি, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনা বিকাশে সংগঠকদের দক্ষ করে তোলার লক্ষ্যেই এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ