কুমিল্লার দাউদকান্দি উপজেলার খিরাই নদের ওপর নির্মিত একটি বেইলি সেতু ইটবোঝাই বাল্কহেডের ওপর ভেঙে পড়েছে। এ ঘটনায় দাউদকান্দিসহ আশপাশের কয়েকটি এলাকার সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা দুর্ভোগে পড়েছেন।
শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় খামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাল্কহেডে থাকা চালক, সুকানি, সহকারীসহ মোট ১৭ শ্রমিক সাঁতরে তীরে উঠে প্রাণে রক্ষা পান।
বাল্কহেডের মালিক পাটোয়ারীর ভাষ্য, ইটবোঝাই বাল্কহেডটি শনিবার ভোরে ঢাকার জিঞ্জিরা থেকে যাত্রা শুরু করে। সন্ধ্যা ৬টার দিকে খিরাই নদী দিয়ে খামারপাড়া বেইলি সেতুর নিচে পৌঁছানোর পর হঠাৎ বিকট শব্দে সেতুটি ভেঙে বাল্কহেডের ওপর পড়ে। এ সময় বাল্কহেডে থাকা সবাই দ্রুত নদীতে নেমে সাঁতরে তীরে উঠে আসেন।
বাল্কহেডের শ্রমিক কাশেম মিয়া জানান, তারা প্রাণে বাঁচলেও সঙ্গে থাকা মোবাইল ফোন, নগদ টাকা, ব্যাগে থাকা পোশাক, ঘুমানোর চাদরসহ বিভিন্ন ব্যক্তিগত সামগ্রী পানিতে ভেসে যায়।
সেতুটি ধসে পড়ায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে দাউদকান্দি উপজেলার পাশাপাশি চাঁদপুরের মতলব দক্ষিণ, কচুয়া, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ ও চাঁদপুর সদর উপজেলার একাধিক গ্রামের মানুষ চলাচলে ভোগান্তিতে পড়েছেন।
ঘটনার বিষয়ে বক্তব্য জানতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দাউদকান্দি উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

