হবিগঞ্জে এনসিপি কর্মসূচিতে হামলার মামলায় ১১ আসামির অস্থায়ী জামিন

🕙 প্রকাশিত : ২ আগস্ট, ২০২৬ । ১১:২৫ এএম

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ আসামিকে অস্থায়ী জামিন দিয়েছেন আদালত।

রোববার (২ আগস্ট) হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নানের আদালতে ১১ আসামি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেককে ১০ হাজার টাকা বন্ডে মেডিকেল রিপোর্ট না আসা পর্যন্ত অস্থায়ী জামিন মঞ্জুর করেন।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ উল্লেখ করা হয়নি। এছাড়া ঘটনার তারিখ ও স্থান সম্পর্কেও এজাহারে স্পষ্ট কোনো তথ্য নেই।

অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি মো. আব্দুল হাই এবং কোর্ট ইন্সপেক্টর আবু তালেব জানান, আসামিপক্ষের আইনজীবীদের উত্থাপিত বক্তব্য খণ্ডন করার মতো কোনো উপাদান মামলার এজাহারে নেই। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষে অ্যাডভোকেট কুতুবউদ্দিন জুয়েলসহ বিপুল সংখ্যক আইনজীবী শুনানিতে অংশ নেন।

মামলার তথ্য অনুযায়ী, গত ৩০ জুলাই হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি রাজীব আহমেদ রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ