জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই দিনব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে সিলেটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। বৃহস্পতিবার ও শুক্রবার (৩০ ও ৩১ জুলাই) জেলার পাঁচটি উপজেলায় অনুষ্ঠিতব্য কর্মসূচিকে ঘিরে পুলিশের পাশাপাশি পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হচ্ছে।
দলীয় সূত্র ও প্রশাসনের তথ্য অনুযায়ী, দুই দিনের কর্মসূচিতে সিলেটের কানাইঘাট, ওসমানীনগর, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে। এছাড়া গোলাপগঞ্জ উপজেলায় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেবেন দলের কেন্দ্রীয় নেতারা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচির বড় অংশ সীমান্তবর্তী এলাকায় এবং কিছু অনুষ্ঠান সন্ধ্যার পর অনুষ্ঠিত হওয়ায় সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েনের জন্য আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে।
এদিকে, সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সম্রাট তালুকদার বলেন, কর্মসূচিস্থলগুলোতে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের সদস্যরাও দায়িত্ব পালন করবেন। সীমান্তবর্তী এলাকা ও সন্ধ্যাকালীন কর্মসূচির বিষয়টি বিবেচনায় রেখে পুলিশের সঙ্গে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এনসিপির সিলেট মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজল জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় গোলাপগঞ্জে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৩টায় কানাইঘাট এবং সন্ধ্যা ৭টায় ওসমানীনগরে ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত হবে।
পরদিন শুক্রবার বিকেল ৩টায় কোম্পানীগঞ্জ, বিকেল ৫টায় গোয়াইনঘাট এবং সন্ধ্যা ৭টায় জৈন্তাপুর উপজেলায় পর্যায়ক্রমে দলটির পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

