হবিগঞ্জে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
বুধবার (২৯ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ এ সংক্রান্ত আদেশ জারি করেন।
আদেশে বলা হয়, বুধবার হবিগঞ্জ পৌর এলাকায় এনসিপি বিক্ষোভ সমাবেশ ও পথসভার কর্মসূচি ঘোষণা করে। একই সময়ে ও একই স্থানে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি, হবিগঞ্জ পৌর বিএনপি এবং হবিগঞ্জ জেলা ছাত্রদল পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়।
প্রশাসনের আশঙ্কা, উভয় কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি ঘটতে পারে। এ কারণে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়ে সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি, জনশান্তি বিঘ্ন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার ঝুঁকি রয়েছে।
এমন পরিস্থিতিতে জনস্বার্থে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে জেলা ম্যাজিস্ট্রেট হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেন।
আদেশ অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হবিগঞ্জ পৌর এলাকায় পাঁচ বা তার বেশি মানুষের সমাবেশ, জনসভা, মিছিল, স্লোগান, মাইকিং, পিকেটিং, উচ্চ শব্দ সৃষ্টি এবং আইন-শৃঙ্খলা বিঘ্নিত করতে পারে—এ ধরনের সব ধরনের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।

