মানিকগঞ্জে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে দুটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে একটি হাসপাতালকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে লাইসেন্স নবায়ন না থাকা, কর্তব্যরত চিকিৎসক ও লেবার রুমের অনুপস্থিতি এবং প্যাথলজি ও ডায়াগনস্টিক বিভাগে বিভিন্ন অনিয়মের অভিযোগে আল রাফী জেনারেল হাসপাতাল, যমুনা জেনারেল হাসপাতাল ও মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া মানিকগঞ্জ শিশু ও জেনারেল হাসপাতালকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানায়, আল রাফী জেনারেল হাসপাতাল ও যমুনা জেনারেল হাসপাতালের লাইসেন্স দীর্ঘদিন ধরে নবায়ন করা হয়নি। পরিদর্শনের সময় প্রতিষ্ঠান দুটিতে কর্তব্যরত চিকিৎসক এবং লেবার রুমও পাওয়া যায়নি। এছাড়া তিনটি প্রতিষ্ঠানের প্যাথলজি ও ডায়াগনস্টিক বিভাগে একাধিক অনিয়ম ধরা পড়ে।
সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস বলেন, “মানিকগঞ্জে জনবান্ধব ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। আজ তিনটি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করা হয়েছে এবং একটি প্রতিষ্ঠানকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

