মানিকগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবসে সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত

🕙 প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬ । ১২:৩৮ পিএম

বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে “অনলাইন প্রতারণার ফাঁদে বন্দি” প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হওয়া এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক (CTN)-এর সদস্য, CTIP অ্যাক্টিভিস্ট, লিডার সারভাইভার, গণমাধ্যমকর্মী এবং সম্ভাব্য অভিবাসীরা অংশগ্রহণ করেন। মোট ১৬০ জন অংশগ্রহণকারীর মধ্যে ২৪ জন নারী ছিলেন। এছাড়া বিদেশে কর্মসংস্থানের প্রস্তুতিতে থাকা PDO ক্লাসের ১১৭ জন শিক্ষার্থীও অনুষ্ঠানে যুক্ত হন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর অধ্যক্ষ প্রকৌশলী নূর অতএব আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস মানিকগঞ্জ-এর সহকারী পরিচালক মো. আওলাদ হোসেন। এছাড়া ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, বারসিক, জিডিসি পালস, মানব কন্যা এবং মানিকগঞ্জ সাইক্লিস্ট ক্লাবসহ কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্কের সদস্য সংগঠনগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে নিবন্ধন ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে অনলাইন প্রতারণা ও সাইবার ট্রাফিকিং বিষয়ক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। তথ্যচিত্র প্রদর্শনের পর “অনলাইন প্রতারণার ফাঁদে বন্দি: দিবসের তাৎপর্যের আলোকে মানব পাচারের বর্তমান পরিস্থিতি ও করণীয়” শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় বক্তারা বলেন, প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে মানব পাচারের কৌশলেও পরিবর্তন এসেছে। বর্তমানে অনলাইনভিত্তিক মানব পাচার, ভুয়া বিদেশি চাকরির প্রলোভন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নানা প্রতারণা বেড়েছে। তাই বিদেশে যাওয়ার আগে চাকরির অফার, নিয়োগকারী প্রতিষ্ঠান এবং ভিসাসহ সব তথ্য সরকারি উৎস থেকে যাচাই করা এবং বৈধ প্রক্রিয়া অনুসরণ করা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে মানব পাচারবিষয়ক পুঁথি পাঠ, লিডার সারভাইভারের বাস্তব অভিজ্ঞতা বিনিময়, কুইজ প্রতিযোগিতা এবং মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা আরও বলেন, মানব পাচার প্রতিরোধে শুধু আইন প্রয়োগকারী সংস্থার উদ্যোগই যথেষ্ট নয়; বরং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় সংগঠন, গণমাধ্যম এবং সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে তরুণ ও সম্ভাব্য অভিবাসীদের অনলাইন প্রতারণা সম্পর্কে সচেতন করতে নিয়মিত কার্যক্রম চালানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানটি কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক (CTN), মানিকগঞ্জ-এর আয়োজনে অনুষ্ঠিত হয়। রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (RMMRU) এবং ঢাকা আহ্ছানিয়া মিশন (DAM) এর বাস্তবায়নে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

উল্লেখ্য, “আশ্বাস: মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য প্রকল্প”-এর আওতায় এ আয়োজন বাস্তবায়িত হয়েছে। প্রকল্পটি সুইজারল্যান্ড দূতাবাস, বাংলাদেশ-এর আর্থিক সহায়তায় এবং Winrock International-এর বাস্তবায়নে পরিচালিত হচ্ছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ