জলবায়ু-সহনশীল কৃষি ও খাদ্য নিরাপত্তায় এডিএম-ক্রাফট প্রকল্পের সূচনা

🕙 প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬ । ১০:৩৪ এএম

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় অঞ্চলে জলবায়ু-সহনশীল কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে “Adaptive Delta Management for a Climate Resilient Agriculture and Food Security in South Central and Southwest Coastal Bangladesh (ADM-CRAFT)” শীর্ষক প্রকল্পের ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জুলাই) খুলনা বিশ্ববিদ্যালয়ের লিয়াকত আলী অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় অভিযোজন সক্ষমতা জোরদারের কোনো বিকল্প নেই। টেকসই কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণাভিত্তিক কার্যক্রম এবং সমন্বিত উদ্যোগ আরও শক্তিশালী করতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার। তারা উপকূলীয় অঞ্চলের কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের প্রতিনিধিদলের সদস্য নিলশে কিলেন (Nielsje Kilen)। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষক, বিজ্ঞানী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা জলবায়ু অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

ওয়ার্কশপে মূল প্রবন্ধ (কীনোট) উপস্থাপন ও সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন।

এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ