দেশজুড়ে কয়েক দিন ধরে টানা ও ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। অতিভারী বৃষ্টিপাতের কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। এর মধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে অতিভারী বর্ষণ এবং দমকা হাওয়াসহ ঝড়ো আবহাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (১৩ জুলাই) প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সোমবার সন্ধ্যার পরবর্তী ২৪ ঘণ্টাতেও দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এ সময় কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, ঝড়ো আবহাওয়ার সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিও হতে পারে। এ পরিস্থিতিতে দেশের সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে।
আবহাওয়া সংশ্লিষ্টরা প্রয়োজন ছাড়া নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছেন।

