বর্তমানে দেশে গুম ও ক্রসফায়ারের ঘটনা নেই বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলারও অবসান ঘটেছে এবং সরকার আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করতে কাজ করছে।
বুধবার (২৪ জুন) রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করে একটি আত্মনির্ভর ও সক্ষম রাষ্ট্র গড়ে তোলা। তিনি দাবি করেন, বাংলাদেশকে আর পরনির্ভরশীল অবস্থায় রাখা হবে না।
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর প্রসঙ্গে রিজভী বলেন, এ সফরের মাধ্যমে দুই দেশের বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার সুযোগ তৈরি হবে। পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধি ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে প্রধানমন্ত্রী কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে উল্লেখ করে রিজভী বলেন, বর্তমান সরকারের আমলে দেশবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না।
এ সময় বিরোধীদলের সমালোচনা করে তিনি বলেন, তারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে। অথচ তাদের নিজেদের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায়।

