এসএসসির খাতা মূল্যায়নে শিক্ষার্থী ব্যবহারের অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

🕙 প্রকাশিত : ২৪ জুন, ২০২৬ । ৮:৩১ এএম

কুমিল্লার দেবীদ্বার উপজেলার একটি বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ব্যবহার করার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের দায়িত্ব পান আবদুল্লাহপুর হাজি আমীর উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. বাচ্চু মিয়া। অভিযোগ রয়েছে, তিনি নিজে উত্তরপত্র মূল্যায়ন না করে বিজ্ঞান বিষয়ের খাতা বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে দিয়ে মূল্যায়ন করান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই শিক্ষার্থী পরীক্ষার খাতা মূল্যায়ন করছে। ভিডিওতে তার এক বন্ধুকে বলতে শোনা যায়, “বাচ্চু স্যার তোকে দিয়ে বোর্ডের খাতা মার্কিং করায়, ভালো করে দেখ।” জবাবে শিক্ষার্থীটি বলে, “এটা একটি ছেলের লাইফ। আমি যে নম্বর দিই, তা বাচ্চু স্যারও দিত না।”

জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে ভিডিওটি ধারণ করা হয়। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাচ্চু মিয়ার সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা রোকনুজ্জামান খান বলেন, বোর্ড পরীক্ষার খাতা মূল্যায়নের মতো স্পর্শকাতর কাজে কোনো শিক্ষার্থীকে সম্পৃক্ত করা অনুচিত। তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান।

এ ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়, কুমিল্লা শিক্ষা বোর্ড, জেলা শিক্ষা অফিস ও দেবীদ্বার উপজেলা প্রেস ক্লাবসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগের অনুলিপি পাঠানো হয়েছে বলে জানা গেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা হয়েছে। শিক্ষা বোর্ড কর্তৃপক্ষও বিষয়টি তদন্ত করবে। তিনিও তদন্ত করবেন বলে জানান।

দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, স্থানীয়রা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন। বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ