মানিকগঞ্জে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং দক্ষ জনশক্তিকে চাকরির বাজারের সঙ্গে সংযুক্ত করার লক্ষ্যে জব ফেয়ারের আয়োজন করেছে গণ কল্যাণ ট্রাস্ট (জিকেটি)। আজ সকালে জেলা শহরের ড. অমর্ত্য সেন সড়কে জিকেটি ভবন মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজমুন আরা সুলতানা। তিনি তার বক্তব্যে তরুণদের দক্ষতা উন্নয়ন, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং চাকরির সুযোগ কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।
জিকেটির উপ-নির্বাহী পরিচালক মাসুম আহমেদ সচীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)–এর প্রকিউরমেন্ট স্পেশালিস্ট জয়রাম সাহা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল বাতেন, মানিকগঞ্জ প্রেসক্লাব–এর সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ–এর অধ্যক্ষ জাহিদুল হক এবং জিকেটির পরিচালক ও জিকেটি রেইজ প্রকল্পের ফোকাল পার্সন উদয় চৌধুরী।
বক্তারা বলেন, বর্তমান সময়ে দক্ষতা ও কর্মসংস্থানের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের জব ফেয়ার তরুণদের চাকরির সুযোগ সম্পর্কে সরাসরি ধারণা দেওয়ার পাশাপাশি নিয়োগদাতাদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রও তৈরি করে।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে কাজ অব্যাহত থাকবে।
মানিকগঞ্জে জিকেটির জব ফেয়ার অনুষ্ঠিত, কর্মসংস্থানের সুযোগে তরুণদের ব্যাপক অংশগ্রহণ
🕙 প্রকাশিত : ২৩ জুন, ২০২৬ । ৯:৪৬ এএম

