স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় যুবদল নেতা আটক, দলীয় পদ থেকেও বহিষ্কার

🕙 প্রকাশিত : ১৫ জুন, ২০২৬ । ৮:৩০ এএম

পাবনার আতাইকুলায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবদল নেতা আবুল কাশেম ওরফে কাশেম শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় তাকে দল থেকেও স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৫ জুন) ভোরে তথ্যপ্রযুক্তির সহায়তায় সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আতাইকুলা থানা পুলিশের একটি দল।

গ্রেপ্তার আবুল কাশেম পাবনার আতাইকুলা থানার আড়িয়াডাঙ্গী গ্রামের বাসিন্দা। তিনি আতাইকুলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পলাতক আসামিকে ধরতে রোববার রাতভর অভিযান চালানো হয়। পরে সোমবার ভোরে শাহজাদপুর এলাকা থেকে তাকে আটক করা সম্ভব হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ জুন স্কুল থেকে বাড়ি ফেরার পথে সপ্তম শ্রেণির ওই শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে আবুল কাশেমের বিরুদ্ধে। এ ঘটনায় পরদিন শিক্ষার্থীর মা বাদী হয়ে আতাইকুলা থানায় মামলা দায়ের করেন।

ঘটনাটি প্রকাশ্যে এলে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে রোববার (১৪ জুন) বিক্ষুব্ধ জনতা তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

এদিকে ধর্ষণচেষ্টার অভিযোগে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে রোববার রাতেই আবুল কাশেমকে দল থেকে বহিষ্কার করে যুবদল। ইউনিয়ন যুবদলের সভাপতি একতাশামুল হক রাজিব ও সাধারণ সম্পাদক বিল্লাল সরদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়।

একই সঙ্গে দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

সূত্র: ইত্তেফাক

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ