তালতলীতে বিষপানে পুলিশ কনস্টেবলের মৃত্যু, মিলেছে চিরকুট

🕙 প্রকাশিত : ১৪ জুন, ২০২৬ । ১২:১০ পিএম

বরগুনার তালতলী থানায় কর্মরত ফারুক গাজী (৫৫) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গ্যাস ট্যাবলেট নামে পরিচিত এক ধরনের কীটনাশক সেবন করে আত্মহত্যা করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুন) রাতে দায়িত্ব পালন শেষে ভোরে থানার ব্যারাকে ফিরে বিশ্রাম নেন ফারুক গাজী। রোববার সকালে কোনো এক সময় তিনি ব্যারাকে বসেই বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন বলে ধারণা করা হচ্ছে।

পরে অসুস্থ হয়ে পড়লে ব্যারাকে থাকা অন্য পুলিশ সদস্যরা বিষয়টি টের পান। দ্রুত তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর আগে ফারুক গাজী একটি চিরকুট লিখে গেছেন। তবে তদন্তের স্বার্থে চিরকুটের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে হচ্ছে। তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”

তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

থানা সূত্রে জানা গেছে, মরদেহের ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ