অভয়নগরে পুকুরে গোসলের সময় মিলল গুলি ও রাইফেলের চার্জার

🕙 প্রকাশিত : ১১ জুন, ২০২৬ । ৭:২৪ এএম

যশোরের অভয়নগর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে একটি চায়নিজ রাইফেলের চার্জার ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে দুই শিশু। বুধবার (১০ জুন) বিকেলে উপজেলার সোনাতলা গ্রামের একটি পুকুর থেকে এসব উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনাতলা গ্রামের মোক্তাদির মোল্লা (৮) ও ওয়াজেদ মোল্লা (১১) বিকেলে মোস্তফা মোল্লার পুকুরে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে মোক্তাদির পানির নিচে পায়ের কাছে শক্ত কোনো বস্তু অনুভব করে। পরে ডুব দিয়ে সেটি তুলে আনলে তারা দেখতে পায়, সেটি একটি অস্ত্রের চার্জার। একই সঙ্গে সেখানে আরও কয়েকটি গুলিও পাওয়া যায়।

বিষয়টি তারা পরিবারের সদস্যদের জানালে সন্দেহ হয় যে এগুলো অস্ত্রসংশ্লিষ্ট সামগ্রী হতে পারে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে সোনাতলা পুলিশ ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামতগুলো উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। পরে বাসুয়াড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাসির উদ্দিন ঘটনাস্থলে গিয়ে একটি চায়নিজ রাইফেলের চার্জার ও ৭ রাউন্ড গুলি জব্দ করেন।

অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া গুলি ও চার্জার কীভাবে পুকুরে এলো এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ