র‍্যাবের নতুন ডিজি আহসান হাবীব পলাশ, দায়িত্ব গ্রহণ

🕙 প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬ । ৯:৫৪ এএম

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ১২তম মহাপরিচালক (ডিজি) হিসেবে অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ দায়িত্বভার গ্রহণ করেছেন। শনিবার (২৮ মার্চ) তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব নেন।

এর মাধ্যমে তিনি অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমানের স্থলাভিষিক্ত হলেন। এর আগে গত ১৬ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি) আহসান হাবীব পলাশকে র‌্যাবের ডিজি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

আহসান হাবীব পলাশ ১৯৯৫ সালে ১৫তম বিসিএস ব্যাচের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা থেকে মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি এপিবিএন, ডিএমপি, সিএমপি, এসএমপিসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এছাড়া রাঙ্গামাটি, শরীয়তপুর ও নারায়ণগঞ্জ জেলায় দায়িত্ব পালন করেন তিনি। পিবিআই সদর দপ্তরেও প্রশাসনিক ও তদন্ত কার্যক্রমে সুনামের সঙ্গে কাজ করেছেন।

পরবর্তীতে পদোন্নতি পেয়ে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবেও দায়িত্ব পালন করেন আহসান হাবীব পলাশ। আন্তর্জাতিক পরিসরেও তার অভিজ্ঞতা রয়েছে—জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কসোভো, লাইবেরিয়া, সুদান ও দক্ষিণ সুদানে দায়িত্ব পালন করেছেন তিনি।

কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম-সেবা)’ অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) ও এমএসসি ডিগ্রি লাভ করেছেন এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও মালয়েশিয়ায় বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ