নির্ধারিত ভাড়ায় চলছে বাস সার্ভিস, ভোগান্তির অভিযোগ নেই: পরিবহনমন্ত্রী

🕙 প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৬ । ৭:৩৬ এএম

ঈদযাত্রাকে কেন্দ্র করে দেশের বাস টার্মিনালগুলোতে যাত্রীচাপ বাড়লেও নির্ধারিত ভাড়ায়ই টিকিট বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি দাবি করেছেন, এখন পর্যন্ত যাত্রীদের কাছ থেকে উল্লেখযোগ্য কোনো ভোগান্তির অভিযোগ পাওয়া যায়নি।

বুধবার (১৮ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, “এখন পর্যন্ত যাত্রীদের কোনো ভোগান্তি বা বড় ধরনের অভিযোগ আমরা পাইনি। কোথাও যানজট নেই। যে দুই-তিনটি অভিযোগ এসেছে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে।” তিনি আরও জানান, রাজধানী থেকে নির্ধারিত সময়েই বাস ছেড়ে যাচ্ছে এবং যাত্রীরা স্বস্তিতে গন্তব্যে পৌঁছাচ্ছেন।

মন্ত্রী জানান, ঈদকে সামনে রেখে যমুনা সেতুতেও যানবাহনের চাপ বেড়েছে। স্বাভাবিক দিনের তুলনায় প্রায় ৩২ হাজার বেশি যানবাহন সেতু পারাপার করেছে।

এদিকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে জ্বালানি তেল সংকটের গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, গণপরিবহনে কোনো ধরনের তেলের সংকট নেই এবং পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ