শিরোনাম
Advertisement
জাতীয়

জমি নিয়ে বিরোধের জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, আটক ৩

Advertisement

আরও পড়ুন

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় চাঁদাবাজির কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। রাজধানীর ইসিবি চত্বরে নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের জমির মালিকের বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ডিএমপির ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন জানান, সালমান মুক্তাদিরের স্টুডিওকে লক্ষ্য করে হামলা চালানো হয়নি। নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের মালিকপক্ষের সঙ্গে পাশের জমির মালিকের বিরোধের জেরেই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

ওসি আরও জানান, এ ঘটনার সঙ্গে সালমান মুক্তাদিরের কাছে চাঁদা দাবির কোনো সম্পৃক্ততা নেই। এমনকি এর সঙ্গে কোনো রাজনৈতিক যোগসূত্রও পাওয়া যায়নি। পুরো ঘটনাটি নিউ গিনি প্রপার্টিজের মালিকপক্ষের ব্যক্তিগত বিরোধের কারণে ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্টুডিওটি ওই প্রপার্টিজের ভেতরে অবস্থিত হওয়ায় সেখানেও ভাঙচুর হয়েছে বলে মনে করছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইসিবি চত্বরে নিউ গিনি প্রপার্টিজে অবস্থিত সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার পর রাতেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্টুডিওর ভাঙচুরের একটি ভিডিও প্রকাশ করেন তিনি।

ভিডিওতে স্টুডিওর চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ভাঙচুরের দৃশ্য দেখা যায়। এ সময় স্টুডিওর কয়েকজন কর্মীকে কান্নারত অবস্থায়ও দেখা যায়। ভিডিওতে সালমান মুক্তাদির বলেন, ‘একটু আগে এখানে অ্যাটাক হয়েছিল…এই পুরা অ্যাটাকে আমাদের স্টুডিও ডেস্ট্রয়েড হয়ে গেছে।’

এর আগে সালমান মুক্তাদির অভিযোগ করেছিলেন, চাঁদা না দেওয়ায় তার স্টুডিওতে হামলা চালানো হয়েছে। এ সময় স্টুডিওর সিসিটিভি ক্যামেরা, বিভিন্ন যন্ত্রপাতি ও আসবাব ভাঙচুরের পাশাপাশি কিছু মালামাল লুটের অভিযোগও করেন তিনি।

তবে পুলিশের দাবি, চাঁদাবাজির সঙ্গে এ ঘটনার কোনো সম্পর্ক নেই। নিউ গিনি প্রপার্টিজের সঙ্গে পাশের জমির মালিকের বিরোধই হামলা ও ভাঙচুরের মূল কারণ।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হামলার সঙ্গে কারা জড়িত এবং ঘটনার প্রকৃত কারণ কী, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।

এ বিভাগের আরও সংবাদ