সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিক স্থাপনের অনুমতি দেওয়া হবে না। পাশাপাশি এই সীমানার মধ্যে থাকা বিদ্যমান বেসরকারি ক্লিনিকেও সরকারি হাসপাতালের চিকিৎসকরা প্র্যাকটিস করতে পারবেন না।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ বিষয়ে নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহ বিভাগের পরিচালক ডা. মো. নূরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, গত ১৭ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাস্থ্যসেবার মান উন্নয়নবিষয়ক সভার কার্যবিবরণীর ৬ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো ওই সভার কার্যবিবরণীর আলোকে সিদ্ধান্তটি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
নতুন ক্লিনিক স্থাপনের অনুমতি এবং সরকারি হাসপাতালের চিকিৎসকদের বেসরকারি প্রতিষ্ঠানে প্র্যাকটিসের ক্ষেত্রে এই নির্দেশনা কার্যকর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।





