বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘ আরও কার্যকরভাবে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে বলে জানিয়েছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টেফান রডরিক।
বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশের উন্নয়ন ভাবনা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার কীভাবে বৃহত্তর পরিসরে জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে আলোচনার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া জুলাই অভ্যুত্থানের পর প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়েও বৈঠকে গুরুত্ব দিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বাংলাদেশে জাতিসংঘের ভূমিকার প্রশংসা করেন। তিনি সরকারের চলমান কর্মকাণ্ডে সংশ্লিষ্ট বিষয়গুলোতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পাশে জাতিসংঘকে আরও ঘনিষ্ঠভাবে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।





