যমুনা নদীভাঙনে সর্বস্ব হারানো ক্ষতিগ্রস্ত ও দুস্থ পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন। নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বুধবার (২রা সেপ্টেম্বর) মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকহরিচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এবিজি ফাউন্ডেশনের এই সহায়তায় প্রধান অতিথি হিসেবে শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের সহধর্মিণী শায়লা কবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক আহমেদ দিপু।
আরো উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন,চকহরিচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুর রহমান,দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মো. আব্দুস সালাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি শায়লা কবির বলেন, ‘নদীভাঙন এ অঞ্চলের মানুষের জীবন ও জীবিকাকে প্রতিনিয়ত অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়। বসতভিটা হারিয়ে সহায়সম্বলহীন হয়ে পড়া এই প্রান্তিক ও দুস্থ মানুষগুলোর পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত। তাদের দুর্ভোগ কমাতে এবং সংকটকালীন মুহূর্তে সহায়তার হাত বাড়িয়ে দিতেই এবিজি ফাউন্ডেশন ধারাবাহিকভাবে এ ধরনের উদ্যোগ গ্রহণ করে আসছে।
মানবিক ও সামাজিক দায়িত্ববোধ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জীবনযাত্রার মান উন্নয়নে আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

